বগুড়ায় এক দিনে ৪৩৪ রান

বগুড়ায় পুরো দ্বিতীয় দিনটাই খেয়ে নিয়েছিল বৃষ্টি। হারিয়ে ফেলা সময়টা পুষিয়ে নিতেই কিনা কাল তৃতীয় দিনে রানবন্যা শহীদ চান্দু স্টেডিয়ামে। ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ দুদল মিলে কাল এক দিনেই রান তুলেছে ৪৩৪। জাতীয় লিগের ইতিহাসে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটা। ২০০৬ সালে ১০ মার্চ ধানমন্ডিতে চট্টগ্রাম ঢাকা বিভাগের বিপক্ষে এক দিনেই তুলেছিল ৪৬৪ রান। কালকের ৪৩৪ রানের ৪০১-ই করেছে মহানগর। অবশিষ্ট ৩৩ রানের ২৩ ঢাকা বিভাগের প্রথম ইনিংসের, দ্বিতীয় ইনিংসের ১০। মহানগরের মার্শাল আইয়ুব ২০৯ বলে ২১ চার ও ৩ ছয়ে করেছেন ১৭৩। এটা জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের নবম সেঞ্চুরি।
বরিশালে তিন দিনের মধ্যেই স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে সিলেট। কাল নিজেদের প্রথম ইনিংস ২৯৯ রানে শেষ করার পর বরিশালকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে গুটিয়ে দেয় তারা। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড নেওয়া সিলেট জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয় ১১ ওভারেই।
রাজশাহীতে বৈরী আবহাওয়ায় খেলা হয়েছে মাত্র ৬৯ ওভার। ১৬২ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলা রাজশাহী দিন শেষ করেছে ২৫১ রানে। শেষ জুটিতে ৮৯ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন মুক্তার আলী (৫১*) ও দেলোয়ার হোসেন (৫২*)। কক্সবাজারে ৬০ রানেই শেষ ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে অলআউট চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৩ রান তুলে ২০৩ রানে এগিয়ে গেছে রংপুর।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২২৪ ও ৫৭.৩ ওভারে ১৩০ (সালমান ৪৫, মানিক ২৮*, মনির ২৮; জায়েদ ৩/২৬, এনামুল জু. ৩/৪৬, নাবিল ২/৩৩, অলক ১/২০)। সিলেট: ১২২ ওভারে ২৯৯ (আকবর ৭৭, ইমতিয়াজ ৪৮, নাবিল ৪০*; মনির ৩/৭৬, ফজলে রাব্বী ২/৪৯, কবির ২/৬৩, ইফতেখার ১/২৬, কামরুল ১/৫৬) ও ১১ ওভারে ৫৮/১ (সায়েম ৪৮*, ইমতিয়াজ ১০*, ইফতেখার ১/৩৩)।
ফল: সিলেট ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আনোয়ার আকবর (সিলেট)।
খুলনা ১ম ইনিংস: ২৭৪। রাজশাহী ১ম ইনিংস: ৬৯ ওভারে ২৫১/৯ (দেলোয়ার ৫২*, মুক্তার ৫১*, মাইশুকুর ৪৯, ফরহাদ রেজা ৪৬; রবিউল ৩/৫৩, সৌম্য ২/২৯, মুরাদ ২/৭০, নাহিদুল ১/৩১, ডলার ১/৪৯)।
ঢাকা বিভাগ: ৩৯৮ ও ৬ ওভারে ১০/০ (রনি ৫*, মজিদ ৪*)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৮২.১ ওভারে ৪০১ (মার্শাল ১৭৩, সৈকত ৯৭, শরীফউল্লাহ ৩৪, আবু বক্কর ২৯; শাহাদাত ৩/৭৯, নূর ৩/১০৪, শুভাগত ২/৩৬, রনি ১/৪৩, শরীফ ১/৭১)।
রংপুর: ২৪৯ ও ৬৩ ওভারে ১৪৩/২ (সায়মন ৭১*, তারিক ৫০*; ইয়াসিন ১/৩৫, ইউনুস ১/৫৩)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৮০.৩ ওভারে ১৮৯ (মাহবুবুল ৬৩, নাফিস ৪১; মাহমুদুল ৫/৩৮, সোহরাওয়ার্দী ৩/৪৯, শুভাশিস ১/৫০)।