বগুড়ায় কুয়াশাচ্ছন্ন আরেকটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কালকের সকালটাও ছিল কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশা সরিয়ে সূর্যের দেখা পেতে কালও পেরিয়ে গেছে দুপুর। শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতোই তৃতীয় দিনেও বেলা সোয়া একটায় শুরু হলো বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের খেলা। আগের দিন খেলা হয়েছিল ৪৫ ওভার, কাল হলো এক ওভার বেশি। চার দিনের ম্যাচের তিন দিন শেষেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। অবিশ্বাস্য কিছু না ঘটলে ড্র-ই লেখা হচ্ছে এই ম্যাচের ফলের ঘরে।৪ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনটা শেষ করেছে পূর্বাঞ্চল। ৪০ রানে ব্যাট করছেন অলক কাপালি। নিজের শততম প্রথম শ্রেণীর ম্যাচটিতে কাল ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। তাঁর সঙ্গী আফতাব আহমেদ ব্যাট করছেন ৪ রানে। পূর্বাঞ্চলের ইনিংসে একমাত্র ফিফটিটি মমিনুল হকের। জাতীয় দলের এই ব্যাটসম্যান ৮৯ বলে ৮ চারে করেছেন ৫৪। সোহরাওয়ার্দীর বলে জহুরুলের হাতে ক্যাচ দিয়ে মমিনুলের বিদায়ের তিন বল পর একই ওভারে নাইটওয়াচম্যান এনামুল জুনিয়রকেও হারিয়েছে পূর্বাঞ্চল। ৩ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়ে সোহরাওয়ার্দীই উত্তরের সেরা বোলার। উত্তরাঞ্চলের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৫৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। ৬ উইকেটে ৪৯৯ রানে দ্বিতীয় দিন শেষ করা উত্তরাঞ্চল কাল আর নামেনি ব্যাট করতে।সংক্ষিপ্ত স্কোরবিসিবি উত্তরাঞ্চল: ৪৯৯/৬ ডি.। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ৪৬ ওভারে ১৪৩/৪ (রাজিন ২৩, নাফিস ১৪, মমিনুল ৫৪, অলক ব্যাটিং ৪০, এনামুল জুনিয়র ০, আফতাব ব্যাটিং ৪; সোহরাওয়ার্দী ২/৯, ফরহাদ রেজা ১/৩৯, শফিউল ১/৪১, ফরহাদ হোসেন ০/১৪, সাজেদুল ০/১৮, সাকলাইন ০/২১)।