বগুড়ায় ম্যাড়মেড়ে ড্র
মাত্রই শেষ হওয়া জাতীয় লিগে নিজের শততম প্রথম শ্রেণীর ম্যাচটা সেঞ্চুরি করে উদ্যাপন করেছিলেন তুষার ইমরান। রংপুরে সিলেটের বিপক্ষে ওই ম্যাচে তৃতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছিলেন খুলনার এই ব্যাটসম্যান। বাংলাদেশের ক্রিকেটে নতুন সংযোজন চার দিনের ফ্র্যাঞ্চাইজি লিগে তুষারের মতো একই কীর্তি গড়ার খুব কাছে চলে গিয়েছিলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ফয়সাল হোসেন। নিজের শততম ম্যাচে ৯১ রানে সাকলাইন সজীবের বলে বোল্ড হয়ে সেঞ্চুরি হারিয়েছেন। তবে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলকটা এই ম্যাচেই পেরিয়েছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। ফয়সাল না পারলেও সেঞ্চুরি পেয়েছেন সতীর্থ ধীমান ঘোষ। প্রথম শ্রেণীর ম্যাচে এই উইকেটকিপার অষ্টম সেঞ্চুরি পেয়েছেন আট নম্বরে নেমে। পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৯ রান তোলার পরই শেষ ম্যাচ। কুয়াশা ও আলোকস্বল্পতা খেয়ে নিয়েছে এই ম্যাচের এক-তৃতীয়াংশই। সম্ভাব্য ৩৬০ ওভারের মধ্যে খেলা হয়েছে মাত্র ২৪৫ ওভার। দুদলের একটি ইনিংস করেই শেষ হতে পারেনি। ড্র ম্যাচে তাই দুদলেরই প্রাপ্তি ৩ পয়েন্ট করে। সং ক্ষি প্ত স্কো রবিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৪৯৯/৬ ডি.। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪১৯/৮ (রাজিন ২৩, নাফিস ১৪, মমিনুল ৫৪, অলক ৫৭, এনামুল জুনিয়র ০, আফতাব ৩১, ফয়সাল ৯১, ধীমান ১০৭*, হাসান ১০, তাপস ১৭*; শফিউল ১/১১৮, সাজেদুল ১/৫৮, ফরহাদ রেজা ২/৮৫, সাকলাইন ২/৬৪, ফরহাদ হোসেন ০/১৪, সোহরাওয়ার্দী ২/৬১, নাঈম ০/৮, নাসির ০/৫, জুনায়েদ ০/৩)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: ধীমান ঘোষ।