বঙ্গবন্ধু কাপ নিয়ে এগোলেন সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন ফিফা-এএফসির কোনো সভা থেকে ফিরলেই একটা বিষয় উঠে আসে আলোচনায়—বঙ্গবন্ধু কাপ নিয়ে অগ্রগতি কত দূর?
সম্প্রতি কাতারসহ বেশ কয়েকটি দেশ সফর শেষে বাফুফে সভাপতি বলেছিলেন, প্রস্তাবিত এই টুর্নামেন্ট নিয়ে কাজ করছেন। কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ নিয়ে টুর্নামেন্ট করতে চান। বিদেশি দলগুলোর মৌখিক আগ্রহও পেয়েছেন। এখন কাগজে-কলমে সম্মতি বাকি।
মরিশাসে ফিফার কংগ্রেস শেষে দেশে ফিরে কাল সালাউদ্দিন জানান, ‘এই দেশগুলোর ফেডারেশন সভাপতিদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন। এত দিন আমি জোর দিয়ে বলিনি, কিন্তু আজ জোর দিয়ে বলছি বঙ্গবন্ধু কাপ হবে। সবকিছু সমন্বয় করে টুর্নামেন্টের সময়সূচি ঠিক করব।’
বঙ্গবন্ধু কাপ হলে সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর বাফুফের নিজস্ব উদ্যোগে এটিই হবে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগে বলা হয়েছিল, অক্টোবরে বঙ্গবন্ধু কাপ মাঠে গড়াবে। তবে কাল সালাউদ্দিন বলেছেন, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে টুর্নামেন্টটি করার পরিকল্পনা নিয়েছে বাফুফে।
জুলাইয়ে ট্রফি দেওয়া হবে: এ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল এবং গত মৌসুমের আগের মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামালকে জুলাইয়ের শুরুতে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে ট্রফি দেবে বাফুফে। এ ছাড়া তৃণমূলের আরও কয়েকটি ট্রফিও দেওয়া হবে ওই অনুষ্ঠানে।