বঙ্গবন্ধু কাপে কুয়েতের সাহায্য
সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় বঙ্গবন্ধু কাপ আয়োজনের ঘোষণা বেশ আগেই দিয়েছে বাফুফে। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে কুয়েত, কাতার, বাহরাইনসহ আটটি দেশ অংশ নেওয়ার কথা। খরচ হবে ৮-১০ কোটি টাকার মতো। টাকা আসবে কোত্থেকে, সেটা নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কমছে। বঙ্গবন্ধু কাপ আয়োজনে কুয়েতের আর্থিক সহায়তা পাচ্ছে বাফুফে।আমন্ত্রিত হয়ে চীনের নানজিংয়ে এশিয়ান যুব গেমস দেখতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেই অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ ফাহাদ আল-সাবাহর সঙ্গে বঙ্গবন্ধু কাপ নিয়ে সালাউদ্দিনের কথা হয়েছে। মিলেছে সাহায্যের আশ্বাস। সালাউদ্দিন দেশে ফিরে জানিয়েছেন, ‘কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন স্পনসর করবে টুর্নামেন্টের। এটি কুয়েতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তবে তারা কতটা টাকা দেবে, সেটি পরে ঠিক হবে।’কুয়েত পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন আল সাবাহ্র বড় ভাই। সাবাহ্ তাঁর ভাইয়ের সঙ্গেও বঙ্গবন্ধু কাপ নিয়ে কথা বলেছেন বলে জানালেন বাফুফে সভাপতি। ‘সব ঠিকভাবে এগুলো বঙ্গবন্ধু কাপে কুয়েতের আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে, এটা নিশ্চিতই’—সালাউদ্দিনের এই আশাবাদ বঙ্গবন্ধু কাপের পালে বাতাসই দিচ্ছে।বাফুফে অনেক দিন ধরেই নিজস্ব অর্থায়নে বা উদ্যোগে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না। এবার স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কুয়েতও সহায়তা করলে টুর্নামেন্টটা না হওয়ার কোনো কারণ নেই।