বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বয়স চুরির অভিযোগ
খেলা শেষ হতে তখনো মিনিট পাঁচেক বাকি। বদলি হিসেবে খেলতে নামল বরিশাল চরবাড়িয়া স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সাকিব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখতে আসা হাজার খানেক দর্শক হাততালি দিয়ে অভিনন্দন জানাল বরিশালের এই খুদে খেলোয়াড়কে। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় সাকিব—এমনই দাবি করলেন চরবাড়িয়া স্কুলের শিক্ষক-কর্মকর্তারা। দেখে অবশ্য এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। উল্টো বয়স চুরির অভিযোগই পাওয়া গেছে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে। আজ দ্বিতীয় সেমিফাইনালে সিলেট জৈন্তাপুরের নিশ্চিন্তপুর স্কুলের বিপক্ষে খেলবে খুলনা কয়লা প্রাথমিক বিদ্যালয়। এই ম্যাচে খেলতে নামার আগেই ম্যাচ বর্জনের হুমকি দিয়ে রেখেছেন কয়লা প্রাথমিক বিদ্যালয়ের টিম ম্যানেজার আবদুর রউফ, ‘আমরা কাল (আজ) নাও খেলতে পারি। সিলেটের ওই স্কুলে ১২ বছরের ওপরের খেলোয়াড় রয়েছে। এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি আমরা। আয়োজকেরা এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা খেলব না।’কাল বরিশাল চরবাড়িয়া স্কুলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ ইসদাইর বিদ্যালয়। আগের ম্যাচের জয়ের নায়ক সেলিম কালও গোল করেছে। জয় নিশ্চিত করা গোলটি সাজ্জাদের।