বঙ্গবন্ধু গোল্ডকাপের উৎসবমুখর শুরু
প্রথমার্ধ শেষ হতে মিনিট খানেক বাকি। নারায়ণগঞ্জ ইসদাইর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজালেন রেফারি। ফ্রি-কিক নিল পঞ্চম শ্রেণীর ছাত্র সেলিম। প্রায় মাঝমাঠ থেকে অবিশ্বাস্য এক শট, বল বাতাসে ভেসে ঢুকল রামু পূর্ব মোহাম্মদপুর স্কুলের জালে। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বেজে উঠল বাদ্যি-বাজনা। প্রায় হাজার খানেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী খুশিতে হাততালি দিয়ে উঠল। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচটি এই গোলেই জিতে নিল ইসদাইর।মাঠের একদিকে চলছিল শৌখিন ক্রিকেটারদের সাপ্তাহিক ফ্রাইডে লিগ। সেদিকে আগ্রহই ছিল না কারোর। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব ঘিরে ছিল উৎসবের আমেজ। সেই উৎসবে রং চড়াল নারায়ণগঞ্জের ছেলেরা। লালবাগের সিরাজউদ্দিন প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও খেলা দেখতে হাজির ওই স্কুলেরই মিম, রিমা, মুক্তা, আলামীনরা। খেলা শেষে জয়ের নায়ক সেলিমকে নিয়ে আনন্দেও মেতে উঠল তারা।দারুণ জয়ে চূড়ান্ত পর্ব শুরু করে ভীষণ খুশি সেলিম। জানাল, বাবা আবুল কাশেম নারায়ণগঞ্জ শহরে ঠেলাগাড়ি চালান। প্রথমে স্কুলে ভর্তিই করতে চাননি তাকে। কিন্তু সেলিমের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে প্রতিবেশীরাই তাকে স্কুলে ভর্তি করে দেয়। সেস ফ্যাব্রিগাস আর ইনিয়েস্তার ভক্ত সেলিম এরই মধ্যে প্রাথমিক পর্বে করেছে ৩১ গোল। ম্যাচ শেষে জানাল, ‘টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’প্রায় ৫৬ হাজার স্কুল নিয়ে প্রাথমিক পর্ব শুরু হয় গত বছরের ৯ অক্টোবর। ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সাত বিভাগের সাতটি চ্যাম্পিয়ন দল—ঢাকার নারায়ণগঞ্জ ইসদাইর স্কুল, খুলনার সাতক্ষীরা কয়লা সরকারি স্কুল, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ রহমানিয়া স্কুল, সিলেটের জৈন্তাপুর নিশ্চিন্তপুর স্কুল, রংপুরের নীলফামারী দক্ষিণ কানিয়াল খাতা স্কুল, বরিশালের চরবাড়িয়া স্কুল ও চট্টগ্রামের কক্সবাজার রামু পূর্ব মোহাম্মদপুর স্কুল। সাত দল হওয়ায় লটারির মাধ্যমে বাই পেয়ে সবার আগে সেমিফাইনালে বরিশালের চরবাড়িয়া স্কুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ জানুয়ারি ফাইনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।