বঙ্গবন্ধু টিটি নিয়ে তোড়জোড়
আগামী ২৪-২৮ মে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিস টুর্নামেন্ট হচ্ছে। নিদ্রা ভেঙে দেশের টিটি অঙ্গনে একটা সাড়াও পড়েছে। এরই মধ্যে টুর্নামেন্ট উপলক্ষে পল্টন উডেনফ্লোর জিমনেসিয়াম সেজে উঠছে। ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি বিশাল ছবি টাঙানো। বাইরে কিছু পোস্টার-ব্যানার।১২ দেশের টুর্নামেন্ট সফল করার জন্য কাল সংবাদমাধ্যমের সঙ্গে জিমনেসিয়ামে মতবিনিময় সভা করেছে টিটি ফেডারেশন। সবার সহযোগিতা কামনা করাই ছিল এর উদ্দেশ্য। তবে এটি ছিল অপরিকল্পিত ও অগোছালো এক আয়োজন।অনুষ্ঠানে টিটি ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট দেশের টিটিতে একটা ইতিবাচক সাড়া ফেলবে বলে তাঁদের আশা। ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নূরুল আলম চৌধুরী, ‘টিটির রানি’ জোবেরা রহমান লিনুসহ অনেকেই উপস্থিত ছিলেন।