বঙ্গবন্ধু স্টেডিয়াম পেলেই আবার ঘরোয়া ফুটবল
চলমান লিগ বন্ধ হয় বারবার। প্রতিবছরের এই ধারায় প্রিমিয়ার লিগের দলগুলো দিশেহারা।
গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩টি ম্যাচ হওয়ার পর স্থগিত হয়ে যায় প্রিমিয়ার ফুটবল লিগ। তখন পর্যন্ত ১০ দলের মধ্যে ৫ দলের প্রথম পর্বের ম্যাচ শেষ। শেখ জামাল ধানমন্ডি কলকাতা সফরে যাওয়ায় প্রথম পর্বে তাদের চারটি ম্যাচ স্থগিত করা হয়।
কলকাতা থেকে ফিরে শেখ জামাল ২২ ও ২৫ ফেব্রুয়ারি দুটি ম্যাচ খেলেছে বিজেএমসি ও আবাহনীর সঙ্গে। জাতীয় দলের ভারত সফরের জন্য এরপর আবার খেলা বন্ধ। কথা ছিল, শেখ জামালের বাকি দুটি ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি ও ১০ মার্চ। এ দুটি ম্যাচের প্রথমটি তো হয়ইনি, দ্বিতীয়টিও হচ্ছে না ঘোষিত সময়ে।
২৮ ফেব্রুয়ারির ম্যাচটা স্থগিত রাখা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা স্কুল টুর্নামেন্টের ফাইনালের জন্য। জাতীয় দল ভারত থেকে ফিরলেও খেলা হচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্টের প্রস্তুতি চলায়। ওই অনুষ্ঠান শেষে ১৫ মার্চ স্টেডিয়াম পাবে বাফুফে।
নতুন করে সরকার মাঠ না নিলে ১৬ মার্চ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে আর বাধা দেখছে না বাফুফে। তাই কাল লিগ কমিটি সভায় বসে শেখ জামালের প্রথম পর্বের বাকি ম্যাচ দুটি (শেখ রাসেল ও বারিধারার বিপক্ষে) ১৬ ও ১৯ মার্চ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
২০ মার্চ শুরু হবে দুই সপ্তাহের মধ্যবর্তী দলবদল। ১৭ মার্চ ড্র শেষে স্বাধীনতা কাপ মাঠে নামবে ২০ মার্চ। ৬-৭ এপ্রিল স্বাধীনতা কাপের ফাইনাল শেষে লিগের দ্বিতীয় পর্ব এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ শুরু। সে ক্ষেত্রে লিগ বন্ধ থাকবে দুই মাস। অবিশ্বাস্য!
এই দীর্ঘসূত্রতার বিরুদ্ধে কথা বলে বেকায়দায় পড়েছেন মারুফুল হক। খেলা বারবার স্থগিত করায় লিগ কমিটির পদত্যাগ চেয়েছিলেন ট্রেবলজয়ী শেখ রাসেলের কোচ। তাঁকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে লিগ কমিটি। মারুফ দুঃখ প্রকাশ করেছেন। তবে বিচারের ভার লিগ কমিটি ছেড়ে দিয়েছে বাফুফের শৃঙ্খলা কমিটির ওপর।