২০ এপ্রিল উদ্বোধনের পর মাঠের খেলা পুরোদমে শুরু হবে। তবে দুটি খেলা শুরু হয়ে গেছে আগেই
বঙ্গবন্ধু স্টেডিয়াম সরগরম
বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়া কাল দিনভর ছিল সরগরম। স্টেডিয়ামের ভেতরটা খেলোয়াড়-কর্মকর্তায় গিজগিজ। পরিবেশটাকে এমন উৎসবমুখর করেছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। অষ্টম বাংলাদেশ গেমসের পালে ভালোই হাওয়া লেগেছে শেষ মুহূর্তে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে বিওএর সহসভাপতি মিজানুর রহমানের (মানু) দাবি, ‘গেমস নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। সব প্রস্তুতিই চলছে ভালোভাবে।’নানা অসংগতি থাকলেও গেমসটা একটু প্রাণ পাচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়ায় প্রায় অর্ধেক ভেন্যু, কাজেই খেলোয়াড়েরা এখানেই বেশি আসছেন। কালই সত্যিকার অর্থে বোঝা গেছে, বাংলাদেশ গেমস পাল তুলতে তৈরি।২০ এপ্রিল উদ্বোধনের পর মাঠের খেলা পুরোদমে শুরু হবে। তবে দুটি খেলা শুরু হয়ে গেছে আগেই। টেনিসের মূল পর্ব গড়িয়েছে সেমিফাইনাল পর্যন্ত। পুরুষ এককে শেষ চারে উঠেছেন অমল রায়, আলমগীর হোসেন, দীপু লাল ও আনোয়ার হোসেন। ফুটবলে বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্বে উঠেছে নওগাঁ, ঝিনাইদহ, মৌলভীবাজার, রংপুর, বরিশাল, মানিকগঞ্জ, নোয়াখালী ও বিকেএসপি। আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে ফুটবলের শুরু হবে চূড়ান্ত পর্ব।আজ মাঠে গড়াচ্ছে হকি ও স্কোয়াশ। ১২ দলের হকিতে খেলছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, জয়পুরহাট, রাজশাহী, পটুয়াখালী, ফরিদপুর, বিকেএসপি, সাতক্ষীরা, পুলিশ, ঢাকা ও ময়মনসিংহ।খেলার চেয়ে আনুষ্ঠানিকতার দিকেই অবশ্য নজর বেশি আয়োজকদের। খেলোয়াড়েরা পেছনের সারিতে। তাঁদের নিয়ে কোথাও আলোচনা নেই। মিজানুর রহমানের দিকে কাল প্রশ্নটা গেলও, এই গেমস কতটা আনুষ্ঠানিকতা আর কতটা খেলোয়াড়দের জন্য? তাঁর উত্তর, ‘দুটোই ৫০-৫০।’ সে যা-ই হোক, উদ্বোধনী অনুষ্ঠানটা সাধারণ মানুষ দেখতে পারবে কি না, এটা বড় প্রশ্ন। এমনিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। এর মধ্যে ফেডারেশন, অ্যাথলেট, আমন্ত্রিত অতিথিদের জন্য ৫ হাজার করে আসন সংরক্ষণ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের কলাকুশলী, বিভিন্ন স্কুলের জন্য হাজার পাঁচেক আসন রাখার কথা বলা হচ্ছে। সাধারণ দর্শকের জন্য ৪-৫ হাজার আসন থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সেটি থাকবে কি না, অনিশ্চিত। একটা ব্যাপার অবশ্য নিশ্চিত, গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে কোনো টিকিট লাগবে না, টিকিট লাগবে না খেলা দেখতেও।উৎসবময়তা আর অনেক আশার মধ্যে খেলোয়াড়দের আবাসনই এখন বড় সমস্যা। ঢাকার বাইরে থেকে এসে খেলোয়াড়েরা কোথায় থাকবেন, তা এখনো ঠিক করতে পারেনি অনেক ফেডারেশন। তার ওপর খেলোয়াড়দের থাকার জন্য দৈনিক বরাদ্দ ৩৫০ টাকা। এই টাকায় কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছে না।কাল আবাসন নিয়ে হতাশা ঝরল অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের কণ্ঠে, ‘এত খেলোয়াড়কে কোথায় রাখব, এটা চিন্তার বিষয়।’ এই ফেডারেশনকে ঢাকার বাইরের ২০০ খেলোয়াড়ের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ঢাকার বাইরে থেকে গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন আড়াই শর বেশি খেলোয়াড়। অতিরিক্ত খেলোয়াড়দের টাকা কে দেবে? এটা নিয়ে ফেডারেশন পড়েছে বেকায়দায়। এভাবে সব ফেডারেশনই কম বেশি আবাসন-সমস্যায় আছে। অ্যাথলেটিকস-সাঁতার স্বয়ংক্রিয় সময় নিরূপণ পদ্ধতি পাবে কি না, এটি নিয়ে ছিল হতাশা। কাল অ্যাথলেটিকসে ইলেকট্রনিক বোর্ড ব্যবহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন আয়োজকেরা। সাঁতারের ইলেকট্রনিক বোর্ড মেরামত করা হয়েছে। সমালোচনার মুখে পড়ে আয়োজকদের শুভবুদ্ধির উদয় হয়েছে।