মাঠের একপাশে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে যাচ্ছেন জোরান কার্লেভিচ। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারল না কেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব? দলটির সার্বিয়ান কোচ মূলত বলছিলেন তা নিয়েই।দৃষ্টি কিন্তু তাঁর মাঠের মাঝখানে ছিল। এশিয়ান গেমসগামী অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের অনুশীলন দেখতে এসেছেন। এই ‘দেখার’ আলাদা একটা তাৎপর্য আছে—এশিয়াডের দলের ২০ খেলোয়াড়ের ১৫ জনই যে শেখ জামালের।অলিখিত জাতীয় দল নিয়েও মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে না পারায় হতাশ কার্লেভিচ। খেলোয়াড়দের ভুলভ্রান্তি তাঁকে বেশি আহত করেছে। তবে আস্থা হারাচ্ছেন না এই খেলোয়াড়দের ওপর। ‘ডিসেম্বরে সুপার কাপ জিততেই হবে’—আগামীকাল দিন দশেকের জন্য দেশে ছুটি কাটাতে যাওয়ার আগে এই প্রতিজ্ঞাই ধরা পড়ল শেখ জামাল কোচের কণ্ঠে।মাঠে তখন হঠাৎ আগমন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নতুন সাজে সাজতে থাকা স্টেডিয়ামের সর্বশেষ কাজ দেখতে এসেছেন। এরই ফাঁকে মাঠে ফুটবলারদের সঙ্গে করমর্দন আর শুভেচ্ছা বিনিময়। মন্ত্রী করমর্দন করলেন জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ, শেখ জামাল কোচ কার্লেভিচের সঙ্গেও। স্টেডিয়ামে তখন অন্য রকম এক আবহ।এই সুযোগে স্টেডিয়াম সংস্কার, নতুন স্টেডিয়াম বানানো নিয়ে নানা কথা হলো মন্ত্রীর সঙ্গে। নতুন স্টেডিয়াম করা দরকার, বঙ্গবন্ধু স্টেডিয়ামকে দোতলা থেকে তিনতলা করা—এসব বিষয়ে মন্ত্রীর পরিকল্পনা আছে বলে জানা গেল।মন্ত্রী জানালেন, কমলাপুর স্টেডিয়ামে প্রেসবক্স তৈরি করে দেওয়া হবে। মন্ত্রীকে প্রশ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার পাতা হয়েছে। এগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হবে তো? হেসে বললেন, ‘রক্ষণাবেক্ষণ তো ভালোভাবে করতেই হবে।’ তাঁর পাশে দাঁড়ানো জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানের আফসোস, আবাসিক এলাকা বলে কমলাপুর স্টেডিয়ামে গ্যালারি বড় করা যাচ্ছে না।সন্ধ্যা নেমে এসেছে। ফুটবল দলের অনুশীলন শেষ। কোচ রুবচিচ সাংবাদিকদের সব প্রশ্নেরই ইতিবাচক উত্তর দিয়ে যান। এমিলি, জাহিদ, ওয়ালি ফয়সাল, মিশু পুরো ফিট নন। এর চারজনকে এদিন আলাদা অনুশীলন করিয়েছেন। ওয়ালি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন বলে কালই ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হয়েছেন কোচ। বললেন, ‘সবারই সামান্য সমস্যা। ঠিক হয়ে যাবে।’সবশেষে বেশি প্রশ্ন শুনলেন এমিলিকে নিয়ে। দলের মূল স্ট্রাইকার গোল পাচ্ছেন না। অবস্থা এমন যে এমিলির দলে থাকা নিয়েই প্রশ্ন উঠতে পারে। রুবচিচ এসব প্রশ্নের সামনে দাঁড়িয়ে তাঁর খেলোয়াড়ের পক্ষই নিলেন, ‘বাজে ফর্ম যাচ্ছে ওর। আশা করি ঠিক হয়ে যাবে।’