বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ খুদে ফুটবলার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়াম সেজে উঠেছে নতুন রূপে। পরশু থেকে শুরু হয়েছে সাজসজ্জা। মঞ্চ তৈরি, গ্যালারিতে শামিয়ানা টানানো, ব্যানার-ফেস্টুন...অনেক আয়োজন। আজ ২০১২ সালের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যেন বিয়েবাড়ির আবহই। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে গোটা আয়োজন যেন আরও রঙিন। এটি প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্ট। ‘চলো সবাই স্কুল যাই’ প্রতিপাদ্য সামনে নিয়ে যা আয়োজন করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০১০ সালে শুরু হয়েছিল ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপ। পরের বছর মাঠে নামে মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ।আয়োজনটা বিশাল—৬০ হাজার ৭৭৬টি স্কুল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ, খেলোয়াড়সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৯২৬। মেয়েদের বিভাগে স্কুল ৫৯ হাজার ৭০০, অংশ নিয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৬১৭ কিশোরী। আয়োজকদের দেওয়া তথ্য, সাড়ে চার কোটি টাকার দুই টুর্নামেন্টে মোট ম্যাচ হয়েছে ১০ হাজার ৮৫২টি। খুদে ফুটবলারদের জন্য পৃথিবীতে এত বড় টুর্নামেন্ট আর আছে কি না, তা হতে পারে গবেষণার বিষয়। কাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সব শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আকৃষ্ট করতেই সরকার এ আয়োজনটা করছে।’ বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন। তবে ফুটবলের আয়োজন হলেও এই সংবাদ সম্মেলনে বাফুফের কোনো প্রতিনিধি ছিলেন না। আজ বেলা ১২টায় ছেলেদের ফাইনালে খেলবে নীলফামারীর দক্ষিণ দোনদারি কেরানিপাড়া স্কুল ও কক্সবাজারের মহেশখালীর মেহেরিয়াপাড়া প্রাথমিক স্কুল। আড়াইটায় বঙ্গমাতার সমাপনী ম্যাচে সিলেট জৈন্তাপুরের নিশ্চিন্তপুর প্রাথমিক স্কুল ও রংপুরের পালিচড়া প্রাথমিক স্কুল।