বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার ক্রিকেট!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুশি হতে পারে, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য খবরটা খুশি হওয়ার মতো নয়। ফুটবল খেলার পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার ক্রিকেট খেলা আয়োজনের প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস দিয়েছেন এই খবর।স্থানীয় আয়োজক কমিটিসহ বিশ্বকাপ-সংশ্লিষ্ট অন্যান্য কমিটি কাল সভায় বসেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। বিশ্বকাপ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয় সেখানে। সভায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রস্তাবটা তোলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর যুক্তি, এই স্টেডিয়ামে যেহেতু একসময় ক্রিকেট হতো, ক্রিকেটকে সেখানে ফিরিয়ে আনা দরকার। তাঁর প্রস্তাবে সম্মত হয়ে প্রধানমন্ত্রীও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফেরানোর পক্ষে মত দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজারে উন্নীত করার উদ্যোগ নিতেও বলেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমরাও মনে করি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল ভাগাভাগি করে খেলা যেতে পারে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে বাংলাদেশে। সেজন্যও আমাদের মাঠ দরকার।’ কক্সবাজারে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের ব্যাপারেও আলোচনা হয়েছে সভায়।ঢাকা ও চট্টগ্রামে যেদিন বিশ্বকাপের ম্যাচ হবে, সেদিন সে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে কালকের যৌথ সভায়। এ ছাড়া নিরাপত্তার কারণে বিশ্বকাপ উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় কনসার্টটি পিছিয়ে বিশ্বকাপের পরে নেওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন জালাল ইউনুস। বঙ্গবন্ধু স্টেডিয়াম আবার ক্রিকেট-ফুটবলের ভাগাভাগি করার যে খবর দিয়েছেন জালাল ইউনুস, সে ব্যাপারে বাফুফের অন্যতম সহসভাপতি বাদল রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী এমন কিছু বলেছেন বলে এখনো আমরা শুনিনি। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রিকেটকে ব্যবহার করতে দিয়েছি বিশ্বকাপের স্বার্থে। এখানে শুধু উদ্বোধনই হওয়ার কথা। অন্য কিছুর চিন্তা হলে তা আনুষ্ঠানিকভাবে জানার পর আমরা আমাদের করণীয় ঠিক করব।’