বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলোর নাচন
অনবরত ঠুসঠাস শব্দ। আতশবাজির ঝলকানি। চোখ ধাঁধিয়ে দিতে যথেষ্ট।এটা অনুষ্ঠানের শেষ ১০ মিনিটের ‘মন্ত্রমুগ্ধ-পর্ব’। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আকাশ ততক্ষণে রঙিন। প্রেসবক্সেও অনেক মুঠোফোন সক্রিয় হয়ে উঠল। আলোকোজ্জ্বল সব মুহূর্ত যে তুলে রাখা চাই।ঢাকার দর্শক এই আলোর নাচনের সঙ্গে পরিচিত অনেক আগেই। তবু আতশবাজি-জাদু কখনো কমে না। স্মৃতিতে ভাসছে ২০১০ দক্ষিণ এশিয়ান গেমসের বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের কথা। পরের বছর বিশ্বকাপ ক্রিকেট জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও এখানেই হয়েছে। বিশাল বাজেটের এ দুটির সঙ্গে অবশ্য বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে না মেলানোই ভালো।বাংলাদেশ গেমসের পরিধি ছোট। কাজেই সেই আঙ্গিকেই এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের মোট বাজেট ২১ কোটি ৭৪ লাখ টাকা, উদ্বোধনী-সমাপনীর জন্য আট কোটি টাকা কেন? এ নিয়ে নানা আলোচনা। সেই অনুষ্ঠানে কী থাকছে, একটা জল্পনা চলছিল সবার মধ্যেই।এটা তো ঠিক, ‘যত গুড় তত মিষ্টি’। টাকা খরচ করলে আজকাল নাকি বাঘের দুধও মেলে! সেদিক দিয়ে যথাসাধ্য চেষ্টা হয়েছে উপভোগ্য অনুষ্ঠান করার। উপভোগ্য হয়নি বলাটা অন্যায়। আলোর অতিরিক্ত ব্যবহার কখনো কখনো একঘেয়েমির বৃত্তে অনুষ্ঠানটাকে ঢোকাতে চেয়েছে, তবে বর্ণিল আতশবাজি সেটি দূরে করে দিয়েছে ঠিকই।প্যারাট্রুপার নামানো হয়নি, উড়ন্ত বেলুন থেকে একজনের নিচে নেমে আসা পর্বটাও বাদ দেওয়া হয়েছে। কিছু কাটছাঁট করা অনুষ্ঠানটা পৌনে দুই ঘণ্টার। যা দেখে অনেকেরই রায়, আন্তর্জাতিক প্রতিযোগিতা বাদ দিলে এটি ঘরোয়া কোনো আয়োজনে সেরা।মোটামুটি আধুনিক একটা অনুষ্ঠানই। বাংলাদেশ যে প্রযুক্তির যুগে ঢুকছে, সেটির প্রামাণ্য দলিলই হয়ে থাকল এটি। আগের উদ্বোধনী অনুষ্ঠানগুলোয় গ্রামীণ সংস্কৃতির নানা খণ্ড দৃশ্য এসেছে। এই অনুষ্ঠানের বিশেষত্ব, এখানে সবকিছু মিলিয়ে একটা গীতিনকশার মতো হলো। বাঙালিপনা থাকল। বাঁশ-লাঠির খেলা, মেলা বাদ পড়েনি। তবে একটু হিজিবিজি হয়ে তাল কেটে দিচ্ছিল।পাহাড়িদের বাঁশনৃত্য, সিলেটে পাহাড়িদের চা তোলার কাজ, গ্রামীণ কিশোরদের দুরন্তপনা, বলীখেলা, ঘোড়দৌড়, নৌকাবাইচ, বাঁশের ওপর হাঁটা এগুলোও বাংলাদেশের সংস্কৃতিরই অংশ। পরিবেশনার মুনশিয়ানায় এই পর্বটিকে হয়তো আরও সুন্দর করা যেত। তবু ‘আমাদের খেলা শুধু খেলা নয়, আমরা জিন দিয়ে খেলি’—স্লোগান নিয়ে আয়োজনটা খানিকক্ষণ গ্রামীণজীবনেই ফিরিয়ে নিয়েছে সবাইকে। একঝলকে বাংলাদেশের ক্রীড়া সাফল্যের প্রামাণ্যচিত্র মনে করিয়ে দিয়েছে, ‘এই জাতিও পারে।’বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম...’ হঠাৎই ২৫ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে অন্য রকম শিহরণ জাগায়। আলোকরশ্মির মাধ্যমে তুলে ধরা জাতির জনকের সেই উদাত্ত আহ্বান শুনে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। স্টেডিয়ামে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলার পর্বটা নজর কেড়েছে আলাদাভাবে।মাসকট কাঠবিড়ালি, স্মৃতিসৌধ, শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে লেজার শোর মাধ্যমে। এগুলো অবশ্য আজকাল বড় কিছু নয়। বৈচিত্র্য যেটা আনা হয়েছে, মাঠের মাঝখান থেকে লেজার শো করে মূল মশাল জ্বালালেন সাবেক কৃতী হকি তারকা জুম্মন লুসাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধন করলেন নিজের স্বাক্ষর দিয়ে, যেটি ভেসে উঠেছে পর্দায়। এটাও নতুন।তবে স্টেডিয়ামের বাইরে দর্শক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এড়ানো যায়নি। এমনিতে টিকিটের ব্যবস্থা ছিল না। সৌজন্য আমন্ত্রণপত্র নিয়ে এসেও অনেকে ঢুকতে পারেনি। হাজারো লোকের ধাক্কাধাক্কি বড় বিসদৃশ লেগেছে। আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে অন্যদিকে নজর দেওয়ার সময় কই!আলোচনায় ঢেউ তুলে পাল তুলল বাংলাদেশ গেমস। এবার অর্থবহ খেলা আয়োজনের দিকে দৃষ্টি দেওয়ার পালা। রঙে সয়লাব উদ্বোধনী অনুষ্ঠানের পর সেটিই এখন প্রত্যাশা!