বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় সাইক্লিং
৩৪তম জাতীয় সাইক্লিং হওয়ার কথা ছিল হাইওয়েতে। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাস্টো টার্ফে আজ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। বলা হয়েছে, যানজট ও নিরাপত্তাগত কারণেই এই সিদ্ধান্ত।সাইক্লিস্টদের বহুদিনের স্বপ্ন ভেলেড্রামের ব্যাপারে সরকারের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে জানালেন ফেডারেশন সভাপতি মিজানুর রহমান (মানু)। আগামী বছর মাওয়ার কাছে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং সেখানে থাকবে ভেলেড্রাম।এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯টি জেলা ও সার্ভিসেস দলের ২০০ প্রতিযোগী। গত বছরগুলোর তুলনায় এবার অংশ নেওয়া দলের সংখ্যা অনেক বেশি বলেই দাবি ফেডারেশন কর্মকর্তাদের। গত এসএ (দক্ষিণ এশীয়) গেমসে ধাক্কা-কেলেঙ্কারির কারণে তিন মাসের জন্য বহিষ্কৃত চিংবাই মারমা অংশ নিতে পারছেন না এবারের সাইক্লিংয়ে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এনসিসি ব্যাংক। মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা খেলা সরাসরি সম্প্রচার করবে। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান (মানু)। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান (বাবুল), এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান প্রমুখ।