
‘আসল ট্রফি বাংলাদেশে
খুশির জোয়ার সারা দেশে’—
রাজধানীজুড়ে বেশ কিছুদিন ধরেই শোভা পাচ্ছে এমন লেখাসংবলিত বিলবোর্ড আর ডিজিটাল ব্যানার। বিশ্বকাপের সোনালি ট্রফি গতকাল এসেছে শহরে। ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের নিখাদ সোনার তৈরি ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবেই কাল দুপুরে বাংলাদেশে আসা। দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে নামল একটি বিশেষ বিমান।
বিশ্বকাপের বিশ্বভ্রমণ শুরু হয়েছিল গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। ২৬৭ দিন বিশ্বের ৮৯টি দেশে ঘুরবে এটি। ভ্রমণের মাঝপথে বিশ্বকাপ তিন দিনের আতিথেয়তা নিচ্ছে বাংলাদেশে। বিমানবন্দরে বিশ্বকাপ ও ফিফার অতিথিদের অভ্যর্থনা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বিমানবন্দর থেকেই বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় বঙ্গভবনে। সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরিবারের অন্য সদস্যদের নিয়ে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তোলেন তিনি। বেলা পৌনে চারটায় বঙ্গভবন থেকে বিশ্বকাপ নিয়ে আসা হলো গণভবনে। পরিবারের সদস্যদের সঙ্গে ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর পরই ট্রফির গন্তব্য রেডিসন হোটেল।
শুরু থেকে পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল এই ট্রফি দেখার। ফিফার অন্যতম পৃষ্ঠপোষক কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা তাদের বিশেষ প্রচারণার মাধ্যমে ৯ হাজার দর্শককে সুযোগ করে দিয়েছে এই ট্রফি দেখার। কিন্তু বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসার পর থেকেই গুঞ্জন—বঙ্গবন্ধু স্টেডিয়ামে হচ্ছে না প্রদর্শনী। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। দিনভর এ নিয়ে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জানা গেল, র্যাডিসন হোটেলেই হচ্ছে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। তবে পুরো আয়োজনের অনেক কিছুই ছেঁটে ফেলতে হয়েছে আয়োজকদের।
অথচ কাল দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে দেখা গিয়েছিল, এলোমেলো পড়ে আছে বিশ্বকাপের ছবিসংবলিত ব্যানার। অলস বসে সাজসজ্জায় নিয়োজিত কর্মীরা। স্টেডিয়ামে বিশ্বকাপের পাশে ছবি তোলার সুযোগ ছিল দর্শকদের। স্বয়ংক্রিয় ডিভাইসের মাধ্যমে স্মরণীয় ছবিটি স্টেডিয়াম ছাড়ার আগে তুলে দেওয়ার কথা ছিল দর্শকদের হাতে। কিন্তু প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানের কতটুকু র্যাডিসন হোটেলে দেখানো হবে, সেটি নিয়ে চলল ধোঁয়াশা। স্পষ্ট কোনো উত্তরই দিলেন না আয়োজকদের কেউ। কোকাকোলার কর্মকর্তা শামীমা আখতার শুধু জানালেন, সকাল নয়টায় র্যাডিসনে শুরু হবে ট্রফি প্রদর্শনী। চলবে পাঁচটা পর্যন্ত।
কোকাকোলার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পরে জানালেন, ‘আমাদেরও ইচ্ছা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটি প্রদর্শন করার। কিন্তু ওপরের নির্দেশে র্যাডিসনেই প্রদর্শনী করতে হচ্ছে। তবে স্টেডিয়ামে যতটা সময় ধরে অন্যান্য আনুষ্ঠানিকতা হতো, তার অনেক কিছুই এখন আর থাকছে না। দর্শকদের বিশ্বকাপ দেখাতে চেয়েছি, তা তো পারছি, এটাই বড় কথা।’
বলা দরকার, আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাডিসন হোটেলে গিয়ে টিকিটধারীরা বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।
জানা গেল, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাই নাকি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফি প্রদর্শনী বাতিল করতে বলেছে।
তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই প্রদর্শনী করার আপ্রাণ চেষ্টা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফিফার কর্মকর্তাদের ঢাকা থেকে বারবার ফোনে সেটি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করতে পারলেন না। শেষ মুহূর্তে বললেন, ‘আমাদের ছোট একটা ভুল হয়েছে। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভেন্যু করেছি, সেটি জুরিখে ও আটলান্টায় জানানো হয়নি। যখন জানিয়েছি, তখন ফিফা আমাদের নির্দেশ দিয়েছে অনুষ্ঠানটা হোটেলেই আয়োজন করতে। কে ঢুকছে আর কে বের হচ্ছে, সবই যেন ভালোভাবে দেখা হয়।’
দেশজুড়ে চলমান সহিংসতা এবং অবরোধের পরও নিরাপত্তার দিক দিয়ে কোনো কমতি ছিল না বঙ্গবন্ধু স্টেডিয়ামে, দাবি বাফুফের। তবু বিশ্বকাপের প্রদর্শনী নিয়ে চলল নানা নাটকীয়তা। সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গে কোনো প্রশ্ন করার সুযোগ পাননি গণমাধ্যমের কর্মীরা।
পরে অবশ্য বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী জানালেন, ‘আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটি রাখতে। কিন্তু সবকিছু বিবেচনা করে এখন হোটেলেই প্রদর্শনী করতে হচ্ছে।’
১১ বছর পর আবারও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি। তবে রেপ্লিকা নয়, এবার আসল ট্রফিটাই দেখবে বাংলাদেশের দর্শক।