বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘কাঁটাতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকে মাঠের সংযোগ দেয়ালে কাঁটাতার ছিল। ফলে দর্শক মাঠে ঢুকতে পারত না। স্টেডিয়াম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, সুযোগ-সুবিধা বেড়েছে। উঠে গেছে কাঁটাতারের সেই বেড়া। কিন্তু আধুনিক হয়নি এ দেশের ফুটবল-দর্শকদের মনমানসিকতা। সুযোগ পেয়ে মাঠে অবাধ যাতায়াত দর্শকের। ঘটছে একের পর এক দুর্ঘটনা।সর্বশেষ দুর্ঘটনা গত পরশু বাংলাদেশ লিগে আবাহনী-শেখ জামাল ম্যাচের শেষ মিনিটে। মাঠে অবাধে ঢুকে আবাহনীর উগ্র সমর্থকেরা বাফুফের দুজন কর্মীকে আহত করেছে। গোলমাল বাধিয়ে তারা নিরাপদে সটকে পড়ে। ম্যাচের নির্ধারিত রেফারি আবদুল হান্নানকে শেষ মুহূর্তে পরিবর্তন করে মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়ায় তাদের ওই ক্ষোভ বলে জানা গেছে। রেফারি পরিবর্তনের দাবি তুলেছিল শেখ জামাল।ঘটনা যা-ই হোক, মাঠে ঢুকে গোলমাল করার অধিকার নিশ্চয়ই নেই দর্শকের। আর সেটাই বন্ধ করতে পারছে না বাফুফে। তারই সুযোগে সম্প্রতি শেখ জামালের কাছে হারায় মোহামেডানের সমর্থকেরা তাদের কোচ সাইফুল বারীকে মাঠে লাঞ্ছিত করে। পরশু আবাহনীর এক সমর্থকের ইটের আঘাতে মাথায় ব্যথা পেয়েছেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসি।পরশুর ওই ম্যাচের শেষ দিকে মাঠে পুলিশ সদস্য ছিলেন চার-পাঁচজন। জানা গেছে, পুলিশ আরও বেশি ছিল। কিন্তু কী একটা কাজে বেশির ভাগই ম্যাচ শেষ হওয়ার আগে চলে যায়। সাইফুল বারী আহত হওয়ার পর বাফুফে মাঠে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিল। কিন্তু আদতে নিরাপত্তা বাড়েনি।এই অবস্থায় করণীয় কী? বাংলাদেশ লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর ভাষ্য, ‘মাঠে এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। কাল (আজ) লিগ কমিটির সভা ডেকেছি। সেখানেই আলোচনা করে একটা সমাধান আমরা বের করব।’কী সেই সমাধান? ‘গ্যালারি থেকে দর্শক যাতে মাঠে ঢুকতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা নিতেই হবে। সেটা হতে পারে আগের মতো কাঁটাতারের বেড়া। যদিও ফিফা এখন আর কাঁটাতারের বেড়া অনুমোদন করে না। তবু আমাদের কাঁটাতারের বেড়া-জাতীয় প্রতিরোধে যেতেই হবে। গত ১২ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে কাঁটাতারের বেড়া তৈরির অনুরোধ করেছিলাম। তা নিয়ে এখন তৎপর হতে হবে আমাদের’—বললেন সালাম।