বঙ্গবন্ধু স্টেডিয়ামে 'ক্লিন ঢাকা' কনসার্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার পাশাপাশি কনসার্ট—বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ যেন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনসার্ট করবে ঢাকা সিটি করপোরেশন। ‘ক্লিন ঢাকা’ নামের এই কনসার্টের জন্য এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু স্টেডিয়ামে কনসার্ট আয়োজনে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, ‘বঙ্গবন্ধু বা কমলাপুর স্টেডিয়ামে কোনো কিছু আয়োজনের আগে জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের কাছে জানতে চায় ওই দিন আমাদের কোনো খেলা আছে কি না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতামতও জানতে চাওয়া হয়। কিন্তু ১২ ফেব্রুয়ারি যে কনসার্ট আয়োজন করা হচ্ছে, সে ব্যাপারে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। আমরা মাঠে সবার আগে খেলাটা চালাতে চাই। কনসার্ট হলেও মাঠের যাতে কোনো ক্ষতি না হয়, সেটিই আমরা চাইব।’
কিন্তু বাস্তবতা হলো প্রতিবার কনসার্টের জন্য মাঠে গর্ত করা হয়। আর দর্শকের হাঁটাচলার কারণেও মাঠের ক্ষতি হয়।
এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস কনসার্টের বিষয়টি স্বীকার করে বললেন, ‘সিটি করপোরেশন থেকে একটা কনসার্ট করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু কনসার্ট করতে কত টাকা জামানত হিসেবে দিতে হবে, সেটা জানিয়ে আমরা একটা চিঠি দিয়েছি। তারা এখনো কোনো টাকাপয়সা জমা দেয়নি। সিটি করপোরেশনের অনুকূলে তাই কোনো বরাদ্দপত্রও আমরা দিইনি।’