বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স বেহাল!
বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স পানিতে সয়লাব। ছাদ চুইয়ে পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ার-টেবিল ও কাচের দেয়াল। প্রেসবক্সের ওপর ভিআইপি বক্সের ছাদও পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত। রক্ষা পাচ্ছে না ভিআইপি বক্সে দামি কার্পেট আর চেয়ারও।
প্রকৃতির আক্রমণ তো আছেই, হানা দিচ্ছে চোরও। প্রেসবক্সের ১৩৯টি চেয়ার থেকে এখন আছে এক শরও কম। কারা এগুলো নিয়ে যায়, দেখার কেউ নেই! দরজা নষ্ট, সেই সুযোগ নিয়ে প্রেসবক্সে ঢুকে পড়ছে কুকুর। ওখানে তাদের অবাধ যাতায়াত!
শীতাতপ ব্যবস্থা এক পাশে থাকলেও অন্য পাশে নেই। শৌচাগারের অবস্থা না বলাই ভালো। টিভি ক্যামেরাম্যানদের জন্য নেই কোনো আলাদা ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই শুরু হয় তাঁদের ছোটাছুটি। প্রেসবক্সের ভেতরে রেডিও-টিভির ধারাভাষ্যকারদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা আজও হয়নি। বসানো হয়নি কোনো টিভিসেটও।
এসব ব্যাপারে বাফুফে বেশ কয়েকবার চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদকে। বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় নামমাত্র কিছু কাজ হলেও প্রেসবক্সটা বেহালই হয়ে পড়েছে এই বর্ষায়।