বঙ্গবন্ধুকে জানলেন রবি শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী গিয়েছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ছবি: ফাইল ছবি
রবি শাস্ত্রী গিয়েছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ছবি: ফাইল ছবি

ইতিহাস-সচেতনতা বোধ হয় একেই বলে। বাংলাদেশের মাটিতে নামবেন আর বাংলাদেশের স্থপতির ঐতিহাসিক বাড়িটিতে যাবেন না, এমন তো হতে পারে না। ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর ভাবনাটাও ছিল ঠিক এমনই। এর আগে বহুবার বাংলাদেশে এসেছেন। সময়-সুযোগ হয়তো হয়ে ওঠেনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিধন্য ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে যাওয়ার। এবার যেন প্রতিজ্ঞা করেই এসেছিলেন। ফতুল্লা টেস্টের ম্যাড়মেড়ে সময় কাটিয়ে হাতে সময় পেতেই ছুটে গেলেন ইতিহাসের পাঠ নিতে, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।
গতকাল সোমবারের ঘটনা এটি। সকাল সকাল বেরিয়ে পড়লেন শাস্ত্রী। একেবারে ট্যুরিস্ট মুডে। সঙ্গে ভারতীয় দলের কয়েকজন সাপোর্ট স্টাফ-সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার, শ্রীধর, ভারত অরুণ আর ভারতের টিম ম্যানেজার বিশ্বরূপ দে। সবারই লক্ষ্য ধানমন্ডির ৩২ নম্বর রোডে গিয়ে বাংলাদেশের জনককে জানা।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসেই স্তব্ধ শাস্ত্রী। ঘুরে ঘুরে দেখলেন বাড়ির প্রতিটি কোণ। কুখ্যাত সেই সিঁড়িটির কাছে এসে কিছুটা আবেগীও হয়ে উঠলেন। অস্ফুট স্বরেই স্বগোতক্তি করলেন, এমন একজন মানুষকে গুলি করে মারতে খুনিদের হাত এতটুকু কাঁপল না! বুলেটের দাগগুলো নিজে দেখলেন, দেখালেন অন্যদের। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেলেন ইতিহাসের বিভিন্ন বাঁকে।
মন্তব্য খাতাতেও আবেগ ধরে রাখতে পারেননি শাস্ত্রী। লিখেছেন, ‘আমি প্রথমবার এখানে এলাম। ফিরে যাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। বুঝতে পারলাম কেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন মহৎ মানুষ বলা হয়।’ তিনি আরও লিখেছেন, ‘এখানকার সবকিছুই আমার হৃদয় ছুঁয়ে গেছে। বাংলাদেশের যাঁরাই আসবেন এই জায়গাটিতে তাঁরা সবাই অবশ্যই আসবেন।’