বঙ্গবন্ধুর শহরে টাইসন-জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ বড় একটা জটলা। ছোটখাটো কোনো জনসভা যেন। কেন্দ্রস্থলে একজন—টাইসন সিলভা। গোলশূন্য ড্র ম্যাচের পর মাঠেই অটোগ্রাফ দিতে দিতে তাঁর হাত ব্যথা হওয়ার জোগাড়! মুক্তিযোদ্ধার জার্সি গায়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জমিয়ে ফেললেন গোপালগঞ্জে।গোপালগঞ্জ নামটা লিখতে গিয়ে উঠে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্থানীয় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে ১৯ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়ায় জাতির স্থপতির সমাধি। তাঁর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের স্টেডিয়াম সংস্কারকাজের ছোঁয়ায় নতুন করে সেজে ওঠার অপেক্ষায়। তার আগে মধুমতী নদীর তীরের এই শহর কাঁপল টাইসন-জ্বরে।দারুণ উপভোগ্য ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে টাইসনের শট লাগল আবাহনীর পোস্টে। ওটা গোল হলে মুক্তিযোদ্ধা জিততেও পারত। আবাহনীর দাপুটে ফুটবলের জবাব মুক্তিযোদ্ধা দিল রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে। নিজের মাঠে চার ম্যাচের দুটিতে জয়, দুটি ড্র—মুক্তিযোদ্ধার কাছে ‘সৌভাগ্যের মাঠ’ই হয়ে উঠেছে গোপালগঞ্জ। গ্যালারিতে দেখা গেল ‘গোপালগঞ্জবাসীর দল মুক্তিযোদ্ধা’ লেখা ব্যানার। কালই প্রথম টিকিট কেটে খেলা দেখতে হয়েছে দর্শকদের। তবুও দুই পাশের গ্যালারিতে দর্শক হাজার ছয়েক। অন্য দুই পাশে বসার ব্যবস্থা নেই, তবু দাঁড়িয়ে খেলা দেখেছেন অনেকেই। বাইরের সীমানাপ্রাচীর ও রাস্তায় রিকশার ওপর দাঁড়িয়েও খেলা দেখেছেন কয়েক শ লোক। আশপাশের বাড়ির ছাদ থেকে ভেসে এল করতালির শব্দ। পরিবেশটা সত্যিকারের ফুটবলীয়। শুধু কি তা-ই, ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট পার হয়ে এপারে এলে মুক্ত বাতাস। গোপালগঞ্জ পর্যন্ত প্রায় এক শ কিলোমিটার মহাসড়ক ইউরোপীয় যেকোনো সড়কের মতো। সুন্দর ও নির্জন। তার ওপর এখানে আছেন একদল ফুটবল-অন্তঃপ্রাণ সংগঠক। বাফুফের সদস্য, জাতীয় দলের সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন তাঁদেরই অগ্রণী একজন। বলছিলেন, ‘কিছুদিনের মধ্যে গোপালগঞ্জের খেলাধুলা আরও জেগে উঠবে।’ সেই আলামত ছিল চোখের সামনেই। ফুটবল স্টেডিয়ামের পাশেই তৈরি হচ্ছে ফ্লাডলাইটসহ আধুনিক ক্রিকেট স্টেডিয়াম, সুইমিংপুল, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, জিমনেসিয়াম। সবাই তো এটাকে ‘ক্রীড়াপল্লি’ ডাকতে শুরু করেছেন!ফুটবল স্টেডিয়াম ঘেঁষেই বঙ্গবন্ধুর শহরের বাড়ি। জানা গেল, সেখানে পুলিশ লাইন পুকুর পাড়ে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে শৈশবে তিনি বক্তৃতা অনুশীলন করতেন, যদিও কালের গর্ভে হারিয়ে গেছে গাছটি। এরই মধ্যে একটা স্মৃতি ভেসে উঠল কাল। ১৯৭৮ সালে গোপালগঞ্জ স্টেডিয়ামে আবাহনীর গোটা দল জুবলিল্যান্ড রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পক্ষে খেলতে এসেছিল। সালাউদ্দিন, অমলেশ, নান্নু, আশরাফ, চুন্নু, রকিব, আনোয়ার, খুরশিদ বাবুলরা খেলেছিলেন। সেবার আবাহনী হেরে যায় স্থানীয় ফ্রেন্ডস একাদশের কাছে, আহমদ আলীর দুই গোলে (১-২)। ৩৫ বছর পর আবাহনী এবার নিজেরাই খেলতে এসে মুক্তিযোদ্ধার কাছে আটকে গেল। তবু আবাহনীর সহকারী কোচ অমলেশ সেন গোপালগঞ্জ স্টেডিয়ামে দাঁড়িয়ে কাল বলছিলেন, ‘অনেক দিন পর এখানে এসে ভালো লাগছে।’এই ড্র লিগের প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা শেখ রাসেলের চেয়ে আবাহনীকে পিছিয়ে দিল দুই পয়েন্টে। দায়টা তাদেরই। স্ট্রাইকার শাখাওয়াত রনি গোটা তিনেক সুযোগ নষ্ট করেছেন। অন্যদিকে মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়া ছিলেন ম্যাচের সেরা। গোটা কয়েক অসাধারণ সেভ করে আবাহনীকে রুখে দিয়েছেন তিনিই।গোপালগঞ্জের ‘ছোট মাঠে বড় ফুটবল’ই হলো। মাঠের মাপটা ১১০ বাই ৭৫ মিটার। একটু জোরে বল মারলেই চলে যায় বাইরে। স্থানীয় ডিএসএর সাধারণ সম্পাদক আলী নাইম খান বললেন, ‘আমাদের পরিকল্পনা আছে মাপটা বড় করার।’ম্যাচ শেষে মাঠের মাপ নিয়ে আর কে ভাবে! মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম খুবই খুশি, ‘আমাদের অকুণ্ঠ সমর্থন দেওয়ায় গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ। এই সমর্থনই ধারাবাহিকভাবে ভালো খেলতে আমাদের উদ্বুদ্ধ করছে।’ আবাহনীর কোচ আরদেশির পোরনেমাতও তা মানলেন, ‘স্থানীয় দর্শকেরা মুক্তিযোদ্ধাকে সমর্থন দেওয়ায় আমাদের খেলোয়াড়েরা কিছুটা চাপে ছিল।’মোহামেডান এখানে এসে হেরেছে ১-৪ গোলে। গোপালগঞ্জ আসার আগে শেখ রাসেল, শেখ জামাল সাবধান!