বছর শেষ সেরেনার
গত জুলাইয়ে মিউনিখে এক রেস্টুরেন্টে ভাঙা কাচ দিয়ে ডান পা কেটে গিয়েছিল সেরেনার। কয়েক দিন পরই কাটা পায়ে অস্ত্রোপচার করা হয়। কয়েক মাস কেটে গেলেও সেই ক্ষত এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ইউএস ওপেনসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা মিস করেছেন। সেরেনা উইলিয়ামস এবার জানিয়ে দিয়েছেন, এ বছর কোনো প্রতিযোগিতায়ই অংশ নেবেন না তিনি।চলতি মাসের ২৬ তারিখে দোহায় অনুষ্ঠিত হবে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ। আগামী মাসে বসবে ফেড কাপের আসর। গত সপ্তাহে সেরেনা জানিয়েছিলেন, এ দুই প্রতিযোগিতাকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তিনি। বিবিসি জানায়, তবে গতকাল মঙ্গলবার সেরেনা বলেন, ‘এখনো পুরোপুরি সেরে উঠিনি আমি। গভীর হতাশার সঙ্গে জানাচ্ছি, ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ ও ফেড কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি আমি। কঠোর পরিশ্রম করে দ্রুত কোর্টে ফেরার চেষ্টা করব আমি।’ইউএস ওপেনের মাধ্যমে প্রথম গ্র্যান্ড স্লামের দেখা পেয়েছিলেন সেরেনা, ১৯৯৯ সালে। এ প্রতিযোগিতার প্রতি তাই একটু আবেগও তাঁর মধ্যে কাজ করে। এ পর্যন্ত ১৩টি গ্র্যান্ড স্লাম জয় করেছেন, এর মধ্যে ইউএস ওপেন থেকে রয়েছে তিনটি। সর্বশেষ জিতেছেন ২০০৮ সালে। গতবার খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত। এবার স্বপ্ন ছিল, না পাওয়ার বেদনা পূরণের। কিন্তু চোটের কারণে সে স্বপ্ন পূরণের চেষ্টা করার সুযোগটাও পাননি যুক্তরাষ্ট্রের এ তারকা।