কাল হোবার্টে মাত্র ৪ রান করেই আউট কুমার সাঙ্গাকারা। খারাপ সময়টা আরেকটু লম্বা হলো তাতে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১৫ ইনিংসেই কোনো ফিফটি নেই, ৪০ ছাড়ানো ইনিংসই মাত্র দুটি। শেষ ১৫ ইনিংসে ২৬৮ রান। তার পরও হোবার্ট টেস্টের প্রথম ইনিংস শেষে ২০১২ সালে ঠিক দুই হাজার রান এই বাঁহাতির। বছরের প্রথমার্ধটা দারুণ কাটানো সাঙ্গাকারা এ নিয়ে পাঁচবার আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রান করলেন। এই কীর্তিতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সঙ্গী মাত্র একজনই—শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০ ও ২০০৭ সালে করেছিলেন দুই হাজার রানের বেশি। ২০১২ সালের আগে সাঙ্গাকারা ২০০৪, ২০০৬, ২০০৯ ও ২০১১ সালেও করেছিলেন দুই হাজার রান। চারবার বছরে দুই হাজার রান করেছেন পাঁচ ব্যাটসম্যান—সৌরভ গাঙ্গুলী, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিস।