বছরে ৯৭ কোটি টাকা!
অনেক দিন তো হয়ে গেল, আর কত! নিন্দুকেরা এখনো সময় পেলে ঠারেঠোরে আওয়াজ দেন। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে শক্ত হাতে জাহাজের হাল ধরে আছেন তিনি, যেমনটা ধরেছিলেন ১৯৮৬ সালে; ম্যানচেস্টার ইউনাইটেড যখন ঝড়ে পড়া এক জাহাজ। ক্লাবের অবস্থা একেবারে যাচ্ছেতাই। ধীরে ধীরে অগোছালো সংসারটিকে সাজিয়েছেন। ম্যানইউতে স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৫ বছর পূর্তিও হয়ে গেল দুই মাস আগে।এবার চ্যাম্পিয়নস লিগ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ম্যানইউ। লিগে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলের লজ্জাও আছে, ফার্গুসন নিজেই যে ম্যাচটিকে বলেছেন তাঁর ক্যারিয়ারে জঘন্যতম। তার পরও কিন্তু এই ৭০ বছর বয়সীর ওপর আস্থা হারাচ্ছে না গ্লেজার পরিবার। ম্যানইউর মালিকপক্ষ ভুলে যায়নি ফার্গুসনের অবদান। ১২টি প্রিমিয়ার লিগ, ৫টি এফএ কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফিসহ ম্যানইউকে ৩৭টি ট্রফি এনে দেওয়া এই স্কটিশ কোচকে বরং তাঁর অবদানের স্বীকৃতিই দিচ্ছে গ্লেজার পরিবার।তাঁর বেতন একলাফে বাড়িয়ে দেওয়া হচ্ছে ৬০ শতাংশ! বছরে পাবেন ৬৫ লাখ পাউন্ড (প্রায় ৮৪ কোটি টাকা)। সবগুলো ট্রফি জেতাতে পারলে ১০ লাখ পাউন্ড বোনাস, যার অর্থ ফার্গুসনের বার্ষিক চুক্তিটা ৭৫ লাখ পাউন্ডের (প্রায় ৯৭ কোটি টাকা)। চুক্তিটা হয়ে গেলে ফার্গুসন হয়ে যাবেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে পারিশ্রমিক পাওয়া কোচ। আরও কমপক্ষে তিন বছর ক্লাবের সঙ্গে থাকতে চান, এই ইচ্ছার কথা নিজেই কদিন আগে জানিয়েছেন। সর্বশেষ চার মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলকে নিয়ে যাওয়া এই কোচের ইচ্ছাকে মালিকপক্ষও সম্মান জানাতে প্রস্তুত।ক্লাবের একটি সূত্র গোলডটকমকে জানিয়েছে, ‘গত কয়েক মাসে ক্লাবের উচ্চ পর্যায়ে সামনের তিন বছরের পরিকল্পনা নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে। আসলে গ্লেজাররা ফার্গুসনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত ছিলেন না। পরে ডেভিড গিলকে (ম্যানইউর প্রধান নির্বাহী) দিয়ে বার্তা পাঠানো হয়, ফার্গুসনের এত বছরের অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁকে ব্রিটিশ ফুটবলের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ করে দেওয়া হবে।’চুক্তির সবকিছু এখনো চূড়ান্ত নয়। তবে এই মৌসুম শেষের আগেই তা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন চুক্তিতে ফার্গুসন বছরে ৬৫ লাখ পাউন্ডেরও বেশি বেতন পাবেন। এতে করে আর্সেন ওয়েঙ্গারকে টপকে তো যাবেনই, টপকে যাবেন চেলসির কোচ থাকার সময় কার্লো আনচেলত্তির বেতনের অঙ্কটাও। আনচেলত্তি বছরে ৬৫ লাখ পাউন্ড বেতন পেতেন। ওয়েবসাইট।