বছরের প্রথম ফাইনালে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ইউএস ওপেনে হারের দুঃখ অনেকটাই ভুলে যেতে পারেন এখন সেরেনা উইলিয়ামস! পর পর দুটি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে দুবার হারিয়ে প্রতিশোধের আগুন নেভালেন সেরেনা। কদিন আগে হারিয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলসে। পরশু স্টোসুরকে আরেকবার হতাশায় ডুবিয়ে সেরেনা পৌঁছে গেছেন চার্লসটনের ফ্যামিলি সার্কেলের ফাইনালে, এ বছর এটাই সেরেনার প্রথম ফাইনাল। সেমিফাইনালে সেরেনা জিতেছেন ৬-১, ৬-১ গেমে। মাত্র ৫৯ মিনিটেই ম্যাচ শেষ করে দিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। স্টোসুরকে আরেকবার প্রতিপক্ষ হিসেবে পেয়ে গত বছরের সেপ্টেম্বরের সেই হারের কথা মনে পড়ে গিয়েছিল কি না, কে জানে! কোর্টে অস্ট্রেলিয়ান তারকাকে একেবারে নাচিয়ে ছেড়েছেন। জয়ের পর সেরেনার দাবি, ‘আমি বলব, দীর্ঘ সময় পর কিংবা শীর্ষ পাঁচের কোনো খেলোয়াড়ের বিপক্ষে এটা সম্ভবত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ।’ এই দাপুটে জয় তাঁকে মনে করিয়ে দিয়েছে তাঁর সেরা দিনগুলিকে, ‘এরকম দিনে আমি যে কারোর বিপক্ষে যে কোনো কিছু করতে পারতাম।’ আজ ফাইনালে ১৩টি গ্র্যান্ড স্লামসহ ৩৯টি শিরোপাজয়ী সেরেনার প্রতিপক্ষ লুসি সাফারোভা। অন্য সেমিফাইনালে চেক সাফারোভা ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন স্লোভেনিয়ার পোলোনা হারকগকে। এএফপি।