বছরের শুরুটা ভালো হলো না ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই টুর্নামেন্টে ভারতের ফাইনালের রেকর্ডটা বেশ খারাপ, এই ত্রিদেশীয় সিরিজে হার আরও খারাপ বানিয়ে দিল। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচটা হারার পর যেভাবে ফিরে এসেছিল ভারত, তাতে আশা জেগেছিল যে এবার হয়তো ঘুরে দাঁড়িয়ে একটা ট্রফি জিততে পারবে তারা, রেকর্ডটা একটু ভদ্রস্থ হবে। ফাইনালে শ্রীলঙ্কার জয় মানে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই পরে ব্যাট করা দলেরই জয় হলো।শিশিরের প্রভাবটা ছিল ব্যাপক। ম্যাচের সময় নির্ধারণ করার সময় আয়োজকদের এই বিষয়টির দিকে লক্ষ রাখা উচিত ছিল বিশেষভাবে। যদি বোলিং করার সময় প্রতিবার বল মুছে নিতে হয়, তাহলে তো পরে বোলিং করা দলের প্রতি সুবিচার হলো না। একটা বল করে পরের বলটা কীভাবে করতে হবে সেজন্য কয়েক সেকেন্ড ভাবতে হয় বোলারকে। ওই সময়টুকু বল মুছে সিমটাকে শুকনো রাখার পেছনে ব্যয় হয়ে যায়, তারপরও তো নিশ্চয়তা নেই যে বলটা সঠিকভাবে গ্রিপ করা যাবে। তাহলে পরিকল্পনামতো বোলিংটা করবে কীভাবে একজন বোলার? সীমিত ওভারের ক্রিকেটটা এমনিতেই অনেকটাই ব্যাটসম্যানদের খেলা, তার ওপর পরে শিশিরের মধ্যে বোলিং করতে হলে বোলারদের জন্য সেটি হয়ে পড়ে আরও কঠিন। এই শিশির প্রভাবিত ম্যাচে প্রথমে ব্যাট করা দলটি একটা কাজই করতে পারে তা হলো যত বেশি সম্ভব বাড়তি কিছু রান করে রাখা, যাতে ভেজা বলে বোলিং করতে এসে বোলাররা ওই রানটাকে সুরক্ষিত রাখতে পারে। ভারত ওটা মনে রেখেই বড় শট খেলতে গেল, এমনকি ব্যাটসম্যানরা উইকেটে ভালোভাবে থিতু হয়ে যাওয়ার পরও। পরে বোলিং করতে হবে, তাই বেশি রান করো এবং দ্রুতগতিতে, এই ভাবনা প্রভাব ফেলল তাদের শট নির্বাচনেও।কুলাসেকারা ও ভেলেগেদারা পিঠ একটু বেশি বাঁকিয়ে পেস বৈচিত্র্য ব্যবহার করে বাড়তি বাউন্স আদায় করল চাতুর্যের সঙ্গে। আর আনুভূমিক শট খেলতে গিয়ে এতেই পরাস্ত হলো ভারতীয় ব্যাটসম্যানরা। কুলাসেকারা ও ভেলেগেদারার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ভেলেগেদেরা গত দুই মাসের আবিষ্কার এবং যদি সে চামিন্ডা ভাসের সঙ্গে আরেকটু বেশি সময় কাটিয়ে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বলটাকে সুইং করে ভেতরে ঢোকানোটা ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে আরও বেশি বেশি উইকেট তুলতে পারবে এবং যেকোনো পরিসরের ক্রিকেটের জন্যই খুব কার্যকরী হবে। জয়টা শ্রীলঙ্কার প্রাপ্যই ছিল। ভুলে যাবেন না, টুর্নামেন্টের শুরুর দিকে শ্রীলঙ্কার তিনজন খেলোয়াড়কে ইনজুরির জন্য ফিরে যেতে হয়েছে দেশে। এ রকম পরিস্থিতিতে কোনো দলের জন্যই টুর্নামেন্ট সহজ হতে পারে না। মাত্রই ভারতে একটা অসফল সফর শেষ করে এখানে এসেছিল শ্রীলঙ্কা, কিন্তু এই টুর্নামেন্টটা আদর্শ একটা সুযোগ করে দিল তাদের সমর্থকদের এটা দেখাতে যে, তারা একটা ভালো দল।ভারত তাদের মতো করে সূচনাটা করতে পারেনি, তা ছাড়া যুবরাজের ফর্ম হারানোটাও মিডল-অর্ডারে একটা শূন্যতা তৈরি করেছিল। অধিনায়ক ধোনি সাহসের সঙ্গে শূন্যতা পূরণের চেষ্টা করে গেছে, কিছুটা সে সফলও। কিন্তু প্রাপ্তির জন্য ফাইনালটাই তার জন্য কঠিন হয়ে গেল। বিরাট কোহলি যে ফর্ম দেখিয়েছে সেটাই ভারতের বড় প্রাপ্তি। যদি শেখার ও উন্নতি করার চেষ্টাটা সে দেখিয়ে যেতে পারে, তাহলে উজ্জ্বল ভবিষ্যত্ই পড়ে রয়েছে তার সামনে। প্রয়োজনের মুহূর্তে রায়নাকে সেঞ্চুরি করতে দেখেও ভালো লাগল। বোঝা গেল যে পজিশনটা সে কোহলির কাছে হারিয়েছে সেটি সে ফিরে পেতে চায়। শ্রীলঙ্কান ফিল্ডিং ছিল শীর্ষমানের, তাদের দায়বদ্ধতাও ছিল দারুণ। যেভাবে তাদের ফিল্ডাররা নিজেদের ছুড়ে দিল মাঠে, তা অন্য সবার মধ্যে শক্তি সঞ্চার করল এবং বোলিংটাকেও জাগিয়ে দিল।নতুন বছরের সূচনাটা ভালো হলো না ভারতের। এটিকে ভালো করার জন্য পরিশ্রম করতে হবে অনেক।