বছরের সেরা টাইমিং গের
চোটের কারণে আপাতত ট্র্যাকের বাইরে উসাইন বোল্ট। টাইসন গেকে চ্যালেঞ্জ জানাতে ট্র্যাকে থাকার কথা ছিল বোল্টের স্বদেশি আসাফা পাওয়েলের। কিন্তু পিঠ ও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন পাওয়েল। বলতে গেলে শক্ত প্রতিদ্বন্দ্বীই ছিল না গের। তবে প্রতিযোগিতাটি শুধুই আনুষ্ঠানিকতার হতে দেননি টাইসন গে, লন্ডন গ্রাঁ প্রিঁর ১০০ মিটারে গতকাল শুক্রবার এ বছরের সেরা ৯.৭৮ সেকেন্ড টাইমিং করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার।এক মাস আগে হারিয়েছিলেন আসাফা পাওয়েলকে। স্টকহোমে গত সপ্তাহে উসাইন বোল্টকে হারিয়েছেন। শুক্রবার গে জয় পেলেন লন্ডনেও। মৌসুম শেষে উসাইন বোল্টকে পেছনে ফেলে ১০০ মিটারে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করবেন টাইসন গে। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বিবিসিকে বলেন, ‘বোল্ট বা পাওয়েলকে বিশেষ কোনো বার্তা দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। আমি মনে করি, এখনো অনেক কিছুর বাকি আছে। বিশ্বের শীর্ষে ওঠাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’