বছরের সেরা টাইমিং গের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে ট্র্যাকের বাইরে উসাইন বোল্ট। একই কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিলেন আসাফা পাওয়েলও। ক্রিস্টাল প্যালেসের ট্র্যাকে অনুপস্থিত দুজনকেই হারিয়ে দিলেন টাইসন গে। ১০০ মিটারে বছরের সেরা টাইমিংটা (৯.৮২ সেকেন্ড) এত দিন যৌথভাবে ছিল পাওয়েল-বোল্টের। পরশু ৯.৭৮ সেকেন্ডে লন্ডন গ্রাঁ প্রিঁর ১০০ মিটার জিতে দুই জ্যামাইকানকে পেছনে ফেলে দিলেন গে। গত সপ্তাহে স্টকহোম ডায়মন্ড লিগে বোল্টকে সরাসরিই হারিয়েছিলেন এই আমেরিকান।গের কৃতিত্ব আরও বেড়ে যাচ্ছে দুটি কারণে—পুরোপুরি ফিট ছিলেন না তিনি, আর আবহাওয়া ছিল ভীষণ বাজে। মিট শুরু হওয়ার আগে মুষলধারে বৃষ্টি হওয়ায় পরিবেশ ছিল স্যাঁতসেঁতে। গে জানালেন, এত ভালো করার প্রত্যাশা ছিল না তাঁর নিজেরও, ‘সত্যি বলতে, এই কন্ডিশনে এত দ্রুত দৌড়ানোর প্রত্যাশা ছিল না আমার। আমার শরীরটাও ঠিক সেরা অবস্থায় নেই, চোটের জন্য এখনো আমাকে ভুগতে হচ্ছে। আজ (পরশু) শেষের দিকে তো কুঁচকির ব্যথায় আমি প্রায় খুঁড়িয়ে এগোচ্ছিলাম। তবে আমার কোচ সব সময় বলেন, যেকোনো কন্ডিশনে আমি ৯.৭ সেকেন্ডে দৌড়াতে পারি। আমার ধারণা, আমি আজ তা প্রমাণ করেছি।’আগের সপ্তাহে বোল্টকে হারিয়েছেন। পরশু এতসব প্রতিকূলতার মধ্যেও বছরের সেরা টাইমিং, বোল্ট-পাওয়েলদের ভালো একটা বার্তাই দিয়ে রাখলেন গে। তিনি অবশ্য এটা স্বীকার করছেন না। তবে এটাও জানাচ্ছেন, এটাই শেষ নয়, ‘এমন নয় যে আমি আসাফা ও উসাইনকে কোনো বার্তা দিচ্ছি। আমি স্রেফ নিজের মতোই দৌড়াচ্ছি। তবে গত কয়েকটা সপ্তাহ ছিল সত্যিই দারুণ। আমার ধারণা, সামনে আরও অনেক কিছুই আসছে।’গে যতই অস্বীকার করুন, বোল্টের রাজত্বে হানা দিতে যে কোমর বেঁধেই নেমেছেন, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোট থেকে ফিরলে রাজত্ব ধরে রাখতে শক্ত চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে বোল্টকে। এএফপি।