বজ্রপাতের শিকার উ. কোরিয়া!
দল হেরে যাওয়ার পর কোচরা হাজারটা কারণ দেখান। কিন্তু উত্তর কোরিয়া মহিলা দলের কোচ সবাইকে ছাপিয়ে গেলেন। পরশু মহিলা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর কেওয়াং মিন কিম জানালেন, তাঁর দল বজ্রপাতের শিকার! রূপক অর্থে নয়, কথাটা তিনি বলেছেন আক্ষরিক অর্থেই।এমনিতে উত্তর কোরিয়া দলকে নিয়ে সব সময়ই কৌতূহল থাকে। সমাজতান্ত্রিক দেশটি বিশ্ব মিডিয়ার কাছে এক রহস্যের আধার। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তেমন প্রবেশাধিকার নেই। দলও সব সময় খোলসে ঢুকিয়ে রাখে নিজেদের। ২০১০ বিশ্বকাপেও তা-ই ছিল। এবার পুরুষদের অনুসরণ করে নিজেদের আড়ালেই রেখেছিল মহিলা দলও।কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুখ খুলেই কোচ কেওয়াং সাংবাদিকদের চমকে দিলেন। জানালেন, বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সময় বজ্রপাতের শিকার হয়েছিল তাঁর দল, ‘পিয়ংইয়ংয়ে অনুশীলনের সময় আমাদের খেলোয়াড়েরা বজ্রপাতের শিকার হয়। পাঁচজনেরও বেশি খেলোয়াড় হাসপাতালে ভর্তি হয়। আমরা জার্মানিতে আসার সময়ও কেউ কেউ হাসপাতালে ছিল। পরে দলের সঙ্গে যোগ দিয়েছে। গোলরক্ষকসহ চার ডিফেন্ডারের সবচেয়ে খারাপ অবস্থা ছিল। মিডফিল্ডারদেরও কেউ কেউ। চিকিৎসকেরা তো এমনও বলছিলেন, খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত নয়।’তার পরও কেন তাঁরা খেলতে এলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন কোচ, ‘বিশ্বকাপ যেকোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তাই তারা ফুটবল ছাড়া অন্য কিছু ভাবতে চায়নি। তারা যে এর পরও খেলছে এটাকে অস্বাভাবিকই বলতে হয়। কিন্তু এটা তাদের অদম্য ইচ্ছাশক্তির ফল।’গড়ে ২০ বছর বয়সীদের দল নিয়ে আসা উত্তর কোরীয়দের সামনে আরও দুটি ম্যাচ আছে। সুইডেন আর কলম্বিয়ার বিপক্ষে। ওয়েবসাইট।