বঞ্চনার জবাব জয়ে
পরশু রাতে দুই চোখের পাতা এক করতে পারেননি আমির আলী। শত চেষ্টাতেও ঘুম আসেনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাথলেটের। জীবনের প্রথম সোনার পদক এভাবে ছিনতাই হবে, সেটা যে ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। পরশু জাতীয় অ্যাথলেটিকসে ৫ হাজার মিটারে দৌড়ে সোনা জিতলেও এক পাক কম দৌড়ানোর অভিযোগে সেটা দেওয়া হয় সেনাবাহিনীর জামরুলকে। কিন্তু কাল ১০ হাজার মিটারে সোনা জিতে আমির প্রমাণ করলেন, পরশু তিনিই জিতেছিলেন।এর আগে কখনোই ১০ হাজারে দৌড়াননি আমির। কাল দুপুর পর্যন্তও সিদ্ধান্ত নিতে পারছিলেন না এই ইভেন্টে দৌড়াবেন কি না। একরকম জোর করেই তাঁকে ট্র্যাকে নামিয়ে দেন ব্যক্তিগত কোচ জয়নাল আবেদীন। কোচ সাহস দিয়েছিলেন, ‘তুই পারবি। তোকে পারতেই হবে।’আমির যখন ট্র্যাকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই মাইকে ঘোষণা আসে পাঁচ হাজার মিটারের পুরস্কার নেবেন জামরুল। ঘোষণা শুনে আবেগ ধরে রাখতে পারেননি আমির। সতীর্থদের সান্ত্বনা পেয়ে চোখ মুছে আবারও ট্র্যাকে দাঁড়ান। বঞ্চনা আর প্রতারণার শিকার হওয়া আমির তো তেতে ছিলেন আগে থেকেই। ব্যস, দৌড়াতে শুরু করলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে ২৫ পাকের প্রথম দিকে যদিও বোঝার উপায় ছিল না আসলেই কতটা কী করতে পারবেন। কিন্তু শেষ চার পাকে উঠে আসেন সেরা চারে। শেষ পাকে পেছনের প্রতিযোগীকে অনেক দূরে রেখেই সমাপ্তি রেখা ছুঁয়ে ফেলেন (৩৪ মিনিট ৩৯.৫০ সেকেন্ড)। রুপা জেতা বিজেএমসির মনিরুল ইসলামের সময় লাগে ৩৪ মিনিট ৪৪.৫৭ সেকেন্ড। আমির সমাপ্তি রেখা ছুঁতেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় নিয়ে সতীর্থদের উন্মাদনা। কাঁধে তুলে নাচতে শুরু করে সবাই। কেউ কেউ গিয়ে ঘিরে ধরে প্রধান বিচারক আবদুল খালেককে। ‘চোর, চোর’ বলে সমস্বরে চিৎকার জুড়ে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটরা। সোনা জয়ের পর উচ্ছ্বসিত আমির প্রথমে কথাই বলতে পারছিলেন না। পরে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন জেদই তাঁকে সোনা জিতিয়েছে, ‘৩ ও ৫ হাজার মিটারেই সব সময় দৌড়াই। এর আগে বাইপাস সড়কে ১৬ কিলোমিটার এক ঘণ্টা দৌড়ানোর অভিজ্ঞতা আছে। এটা আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। এ ছাড়া মনের মধ্যে জেদ ছিল নিজেকে প্রমাণের। এখন খুবই আনন্দ হচ্ছে।’ জীবনের প্রথম সোনার পদকটা উৎসর্গ করেছেন কোচ জয়নালকেই। সেনাবাহিনীর কোচ কিতাব আলী আগের দিনই আমিরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নিজের করা মন্তব্য থেকে কাল তিনি ঘুরে গেলেন ১৮০ ডিগ্রি, ‘আসলেই আমির সোনা জেতার যোগ্য।’ সাবেক অ্যাথলেট ও প্রধান টাইমকিপার সুফিয়া খাতুনের মুখে শোনা গেল তাঁর নিজের ক্যারিয়ারের এমন একটা ঘটনার স্মৃতিচারণা, ‘ওর পদক ফিরিয়ে দেওয়াই উচিত। আমিও এমন প্রতারণার শিকার হয়েছিলাম ১৯৭৭ সালে। পরে টানা চার বছর সোনা জিতে প্রমাণ করেছিলাম, আমিই সঠিক ছিলাম।’ আমিরও কি চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন না, আসলেই এক পাক কম তিনি দৌড়াননি!