বঞ্চিত সেই খেলোয়াড়েরাই
রাত নয়টায়ও বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ভেসে আসছিল ঢোলের বাদ্য। বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। কাল থেকেই যেন ‘বাংলাদেশের অলিম্পিকের’ আগমনী ধ্বনি শুনল বঙ্গবন্ধু স্টেডিয়াম। তবে বাইরে সেভাবে এখনো গেমসের পালে হাওয়া লাগেনি।২০ এপ্রিল অষ্টম বাংলাদেশ গেমস শুরু। ৩১টি খেলায় সাড়ে সাত হাজার ক্রীড়াবিদকে নিয়ে ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার স্বপ্ন এই গেমসের। তবে এত আয়োজন যাঁদের জন্য, সেই খেলোয়াড়দের জন্য একটা চকলেটের ব্যবস্থাও রাখেননি আয়োজকেরা।গেমসে সাধারণত অর্থ পুরস্কার থাকে না। কথাটা কাল মনে করিয়ে দিলেন বাংলাদেশ গেমসের স্টিয়ারিং কমিটির প্রধান হারুনুর রশিদ। কিন্তু এই যুগে এসে খেলোয়াড়দের খাওয়ার খরচ যখন দৈনিক মাত্র ৪০০ টাকা, তখন খেলোয়াড়দের ‘অভাগা’ই বলতে হয়। অ্যাথলেটরাই একটা গেমসের প্রাণ। অর্থ পুরস্কার না হোক, থাকা-খাওয়ার সুব্যবস্থা তাঁদের জন্য করা উচিত। অথচ খেলোয়াড়দের কপালে জুটছে না বলার মতো কিছু।হারুনুর রশিদ বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের খাওয়ার জন্য ৪০০ টাকা করে দেব।’ ঢাকায় এক বেলা নাশতা করতেই তো দেড় শ টাকা চলে যায়। সেখানে একজন অ্যাথলেট দিনভর খেলবেন, আর সারা দিনে খাবেন ৪০০ টাকায়! দুই বোতল পানি কিনতেও এখন ৫০ টাকা লাগে।কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান বললেন, ‘৪০০ টাকায় কী হয়, বলেন! ফেডারেশন ও বিওএর এই দিকের প্রতি আরও নজর দেওয়া উচিত।’ দূরপাল্লার দৌড়বিদ আমির আলীর হতশা, ‘ঢাকা শহরে একটা হোটেলে সাধারণ মানের কিছু খেতেও ২০০ টাকার ওপরে লাগে। সেখানে তিন বেলা একজন অ্যাথলেটের জন্য ৪০০ টাকা অনেক কম।’ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায় সমাধান দেখছেন একটাই, ‘হোটেলে খেলে ৪০০ টাকায় কিছুই হবে না। এ অবস্থায় কয়েকজন মিলে রান্নাটান্না করে খাওয়া ছাড়া উপায় নেই। আমি ময়মনসিংহ থেকে আসছি কাল (আজ)। আমার মতো ঢাকার বাইরের খেলোয়াড়দের “মেস” জাতীয় কিছু করতে হবে।’ বিদ্যুৎ শেষটা করলেন এভাবে, ‘এসব বলে লাভ কী। অনেক বলেছি, কাজ হয়নি।’সাইক্লিস্ট আকাশী সুলতানার আক্ষেপ, ‘সার্ভিসেস দলের খেলোয়াড়েরা তো কিছুই পায় না। টিএ-ডিএ, খাওয়ার খরচ কিছুই না। আগে গেমসে নাম নিবন্ধন করতে ৫০ টাকা লাগত, এবার ফেডারেশন নিচ্ছে এক হাজার টাকা করে। এখন বলুন, খেলোয়াড়েরা কোন দিকে যাবে?’ তাঁর জন্য একটু হলেও খুশির খবর, সার্ভিসেস দলের খেলোয়াড়দের জন্য এবার ২০০ টাকা খাওয়ার খরচ দেওয়া হচ্ছে।ঢাকার বাইরের খেলোয়াড়দের আসা-যাওয়া বাবদ খরচ দেওয়া হচ্ছে এক হাজার ২০০ টাকা। এই গেমসের জন্য বিওএর বাজেট যখন পাঁচ কোটি টাকা ছিল, তখন খেলোয়াড়দের থাকার ৩০০ ও খাওয়ার বাজেট ছিল ৩৫০ টাকা। পরে এটি বাড়িয়ে ৩৫০ ও ৪০০ টাকা করা হয়েছে।ঢাকা শহরে ৩৫০ টাকা দিয়ে খেলোয়াড়েরা কোথায় থাকবেন, এটাও একটা প্রশ্ন।