বড় কিছু করে দেখাতে চায় জাপান
আজ মাঠে গড়াচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। ফিফার কনফেডারেশনগুলোর লড়াই। মহাদেশীয় মহাযুদ্ধ। একই সঙ্গে এটি বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টও। ফিফা কনফেডারেশনস কাপের দলগুলো নিয়ে নতুন ধারাবাহিকের ষষ্ঠ পর্বে থাকছে এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন জাপানকে নিয়ে বিশেষ ফিচার:
১৯৯৮ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে জাপান। এবার তো প্রথম দল হিসেবে তারা পেরিয়েছে বাছাইপর্বের বাধা। জায়গা করে নিয়েছে ২০১৪ বিশ্বকাপে। তবে এখন শুধু বিশ্বকাপে অংশ নিয়েই সন্তুষ্ট হতে পারছে না ব্লু সামুরাইরা। এবার তারা করে দেখাতে চায় আরও বড় কিছু। সেই আকাঙ্ক্ষা নিয়েই এবারের কনফেডারেশনস কাপে অংশ নিতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নরা।
২০১০ বিশ্বকাপে নিজ দেশের কোচ তাকেশি ওকাদার অধীনে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ফুটবলার নিয়ে বিশ্বকাপে এসেছিল জাপান। সেবার তারা গিয়েছিল দ্বিতীয় রাউন্ড পর্যন্ত। সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত আছে বর্তমান কোচ আলবার্তো জাকেরনির আমলেও। ২০১০ সালে দায়িত্ব নেওয়ার পরপরই বড় কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। সে বছরই তাঁর অধীনে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে ১-০ গোলে হারিয়েছিল জাপান। ২০১১ সালে অপরাজিত থেকে এশিয়ান কাপ জিতে আঞ্চলিক পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্বের ঘোষণাটা বেশ ভালোমতোই দিতে সক্ষম হয় সামুরাইরা।
এখন তাদের দৃষ্টি বিশ্ব ফুটবলের বড় পরিসরের দিকে। আগামী বছরের বিশ্বকাপে জাপান যেতে চায় আরও অনেক দূর। কনফেডারেশনস কাপটাকেও সেই সম্ভাবনা যাচাইয়ের সুযোগ হিসেবেই দেখছেন কোচ জাকেরনি, ‘কনফেডারেশনস কাপটা খুব কঠিন হবে। কিন্তু আমরা সেটাই চাই। এই প্রতিযোগিতায় বেশ কিছু ভালো দল অংশ নেবে। আর এ জন্যই আমরা এটাকে বিশ্বকাপের একটা মহড়া হিসেবে ব্যবহার করতে চাচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জাপানি স্ট্রাইকার সিনজি কাগাওয়ার কণ্ঠেও ঝরেছে বড় কিছু করে দেখানোর প্রত্যয়, ‘আমরা বিশ্বপর্যায়ে সাফল্য অর্জন করতে চাই। আর দলের সবারই এই মানসিকতা থাকা দরকার। আমাদের অনেক প্রতিভাবান ফুটবলার আছে। এখন শুধু দরকার দৃঢ়সংকল্প আর ইচ্ছাশক্তি।’
জাপানের বর্তমান দলের বেশ কয়েকজন ফুটবলার নিয়মিত খেলছেন ইউরোপিয়ান ক্লাব ফুটবল অঙ্গনে। মাঝমাঠের অন্যতম প্রধান খেলোয়াড় কেইসুকে হোন্ডা খেলছেন রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোতে। কাগাওয়া ছাড়াও আক্রমণভাগের আরেক প্রধান সেনানী সিনজি ওকাজাকি খেলেন জার্মান ক্লাব স্টুটগার্টে। আরেক জার্মান ক্লাব এফসি শালকের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অসুতো উচিদা। জাপানের অধিনায়ক মাকোতো হাসেবেও মাতাচ্ছেন জার্মান লিগ। ২০০৮-০৯ মৌসুমের বুন্দেসলিগা শিরোপাজয়ী ভলফসবুর্গে খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ইউরোপিয়ান ফুটবলে তাঁদের অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই কাজে লাগবে জাপানের।
এবারের কনফেডারেশনস কাপের পর্দা উঠছে ব্রাজিল ও জাপানের ম্যাচটি দিয়ে। ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ পর্বে জাপানের অন্য দুই প্রতিদ্বন্দ্বী মেক্সিকো ও ইতালি।