বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে সিরিজের শুরুটাও বেশ ভালোভাবেই শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসিরা পেয়েছে ১০৭ রানের বড় জয়। জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভার বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই অসি পেসার মিচেল স্টার্ক ও ক্লিন্ট ম্যাককের ভালো বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ৬ ওভারের মধ্যে ১৭ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন উপুল থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে। তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান ও দিনেশ চান্দিমাল। কিন্তু ২৬তম ওভারে দিলশান রানআউটের ফাঁদে পড়ার পর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রান আসে দিলশানের ব্যাট থেকে। এরপর অল্প সময়ের ব্যবধানে আউট হন অ্যাঙ্গেলো ম্যাথুস ও লাহিরু থিরিমানে। ৩৬তম ওভারে চান্দিমাল সাজঘরের পথ ধরলে প্রায় নিশ্চিতই হয়ে যায় লঙ্কানদের হার। ৭৩ রানের লড়াকু এক ইনিংস খেলে আউট হন চান্দিমাল। বাকি তিন লঙ্কান ব্যাটসম্যানকে আউট করতেও খুব বেশি ঘাম ঝরাতে হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়াকে। ৪০ ওভারেই ১৯৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার পক্ষে ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন ক্লিন্ট ম্যাককে। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ফিলিপ হিউজের অনবদ্য শতকে ভর করে স্কোরবোর্ডে ৩০৫ রান জমা করে অস্ট্রেলিয়া। অধিনায়ক জর্জ বেইলি ৮৯ ও ডেভিড হাসি ৬০ রান করেন।