বড় জয়ে ফাইনালে ভারত
শ্রীলঙ্কাকে মাত্র ১৮১ রানেই আটকে রেখে ফাইনালে যাওয়ার কাজটা অনেকখানিই এগিয়ে রেখেছিলেন ভারতীয় বোলাররা। ব্যাট হাতে খুব একটা কষ্ট করতে হয়নি ধোনিদের। রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর বিরাট কোহলিই নিশ্চিত করেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান এসেছে ধাওয়ানের ব্যাট থেকে। ৫৮ রান করে অপরাজিত ছিলেন কোহলি।
উদ্বোধনী ইনিংসেই ৭৭ রান যোগ করে ভারতকে জয়ের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। এর পেছনে অবশ্য শ্রীলঙ্কান ফিল্ডারদের অবদানও কম না। নবম ওভারে শেখর ধাওয়ানের মিস করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেসময় ধাওয়ান ছিলেন মাত্র ১৮ রানে। পরে সুযোগটা কাজে লাগাতে কোন ভুল করেননি এই ডানহাতি ওপেনার। খেলেছেন ৬৮ রানের চমত্কার এক ইনিংস।
১৭তম ওভারে রোহিত শর্মাকে সাজঘরে ফেরাতে পারলেও কোন লাভ হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় উইকেটে আবার ৬৫ রানের জুটি গড়ে জয়টা নিশ্চিতই করে ফেলেন ধাওয়ান আর কোহলি। ধীরেসুস্থে খেললে হয়তো তাঁরাই জয় তুলে আনতে পারতেন। কিন্তু ৩২তম ওভারে জীবন মেন্ডিসকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ধাওয়ান। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪০ রান। বাকি কাজটা অবশ্য নির্বিঘ্নেই সেরে ফেলেন কোহলি আর সুরেশ রায়না।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্ভাগ্যের জালে আটকা পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে বিদায় নেন কুশল পেরেরা। পরের ওভারে দুটি চার মেরে ঝোড়ো ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান। কিন্তু ইনজুরির গোড়ালিতে চোট পেয়ে সাজঘরে ফিরতে হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে। এরপর যেন ‘টেস্ট’ খেলতে শুরু করেন কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে। তৃতীয় উইকেট জুটিতে ১১ ওভার ব্যাটিং করে তাঁরা যোগ করেন মাত্র ১৯ রান।
এ সময়ের ঘাটতি পূরণ করতেই হিমশিম খেতে হয়েছে পরবর্তী ব্যাটসম্যানদের। দলকে চাপের মুখে রেখে ১৮ ওভারের মধ্যেই আউট হন থিরিমানে (৭) ও সাঙ্গাকারা (১৭)। শ্রীলঙ্কার স্কোর তখন ১৮ ওভারে ৩ উইকেটে ৪১। রান রেট ২.২৮!
চতুর্থ উইকেটে রানের চাকা কিছুটা সচল করেন জয়াবর্ধনে ও ম্যাথুস। ওভারপ্রতি ৪.২৯ রেটে ৭৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। আরও কিছুক্ষণ চালিয়ে যেতে পারলে হয়তো হাত খুলে খেলার সুযোগ পেতেন। কিন্তু ৩৭তম ওভারে জয়াবর্ধনেকে (৩৮) আউট করে এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।
লঙ্কান অধিনায়ক ম্যাথুস অবশ্য সর্বোচ্চ চেষ্টাই করেছেন দলীয় সংগ্রহটা আরেকটু বড় করার। কিন্তু ইনিংসের শেষ পর্যায়ে এসেও রান সংগ্রহের গতিটা বাড়াতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানেরা। ৪৬তম ওভারে যখন ম্যাথুস আউট হন তখন স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৫৮ রান। শেষপর্যায়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাট করতে নেমেছিলেন দিলশান। কিন্তু সংগ্রহটা বড় করার পেছনে খুব একটা অবদান রাখতে পারেননি। শেষ ওভারে মালিঙ্গার ২ বলে ৭ রানের সুবাদে লঙ্কান ইনিংস শেষ হয় ১৮১ রানে।