বড় জয়েও অধিনায়কের শূন্য-আক্ষেপ

নিচু হয়ে আসা ফুলটস। লোভ সামলাতে পারলেন না। ডাউন দ্য উইকেটে বেরিয়ে সপাটে চালালেন ব্যাট। কিন্তু লোভে পাপ না হলেও ফল হলো মৃত্যু। পৃথিবীর সহজতম বলে আউট হওয়ার বিরল নজির গড়লেন উৎপল শুভ্র। সেটিও তাঁর প্রথম বলে। গোল্ডেন ডাক! প্রথম বলটি ওয়াইড ছিল, সেটি তো আর ব্যাটসম্যানের হিসাবে আসবে না।
নিউ নেশন-এর খেলোয়াড়দের উল্লাস তো দেখাই যাচ্ছিল। দেখা যাচ্ছিল না মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দৃশ্যত শূন্য গ্যালারিতে অদৃশ্য দর্শক সাবেক-বর্তমান ক্রিকেটারদের উল্লাস; এ ধরনের আউট হওয়ার কারণে উৎপল শুভ্রর কলমের চাবুক বারবার পড়েছে যাঁদের ওপর!
অধিনায়কের এমন ব্যাটিং ব্যর্থতার পরও প্রথম আলো কাল ৫৮ রানের বড় জয় তুলে নিয়েছে। ৬ জনের দলের ৬ ওভারের ক্রিকেটে এত বড় জয়টাই বোঝায় প্রথম আলোর দাপট। প্রথমে ব্যাট করে প্রথম আলো তুলেছিল ১১৮ রান। ৬০ রানে অলআউট নিউ নেশন। ব্যাট হাতে ৩৪ রানের পাশাপাশি এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা আরিফুল ‘ক্যালিস’ ইসলাম। এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পর নিজেকে জ্যাক ক্যালিস তিনি ভাবতেই পারেন। পাঁচটি ছয় ও একটি চার মেরেছেন আরিফ, এর মধ্যে এক ওভারেই তুলেছেন ২৮ রান।
দলের অন্য ওপেনার ফয়সাল ৩১ রান করলেও দুর্দান্ত শুরু আর সেই শুরুর ভেলায় চেপে দলের এগিয়ে যাওয়ার কৃতিত্ব তাঁরই। টুর্নামেন্টে ৩০ রান করার পর খেলোয়াড়দের বাধ্যতামূলক অবসর নিতে হয়। না হলে দুই ওপেনার ফয়সাল-আরিফ কোথায় গিয়ে থামতেন, বলা মুশকিল। এরই মধ্যে প্রতিপক্ষ শিবিরে তাঁরা গ্রিনিজ-হেইন্স জুটির মতো আতঙ্ক ছড়াতে শুরু করেছেন বলে শোনা যাচ্ছে।
দলের বড় জয়ে বাকিদেরও দারুণ অবদান। তিন ছক্কায় রিয়াজ করেছেন ২১ রান। আতিকও ব্যাটে-বলে ভালো করেছেন। ব্যাট হাতে ১০ রান, পর পর দুই বলে উইকেট তুলে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন তারেক মাহমুদ। হ্যাটট্রিকটা না পেলেও তিন উইকেট পেয়েছেন। অবশ্য তাঁর দাবি, ছয় ওভারের খেলায় পর পর দুটি উইকেট নিলেই নাকি হ্যাটট্রিক হয়! এ ব্যাপারে ম্যাচ শেষে তাঁকে বেশ উচ্চকণ্ঠ দেখা গেলে সতীর্থরা বিষয়টি আইসিসির কাছে তুলতে পরামর্শ দেন।
সবাই ভালো করেছেন। দলও দারুণ জয় পেয়েছে, কিন্তু আক্ষেপ ওই অধিনায়ক উৎপল শুভ্রেই। কিন্তু এটাও তো ঠিক, জাহাজে বড় বড় নাবিক থাকলেই হয় না, অসাধারণ একজন ক্যাপ্টেন লাগে। তা ছাড়া ফিল্ডিংয়ের সময় বাউন্ডারিতে যেভাবে দুর্দান্ত ভঙ্গিতে একটি চার বাঁচিয়েছেন, খোদ জন্টি রোডসও ঈর্ষা করতেন। তবে নিজের এই ব্যাটিং ব্যর্থতা কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি। সতীর্থরা অবশ্য ‘দাদা, টেন্ডুলকারও প্রথম ওয়ানডেতে ডাক মেরেছিল’ বলে সান্ত্বনা দেন।
ডব্লু জি গ্রেস এমন শূন্য রানে আউট হয়ে গেলে নাকি ‘সবাই আমার ব্যাটিং দেখার জন্য মাঠে এসেছে, তোমার বোলিং দেখার জন্য নয়’ বলেই আবার ব্যাটিং শুরু করতেন। উৎপল শুভ্র কেমন ব্যাটিং করেন, তা দেখার জন্য ব্যাকুল দর্শকদের মনে এই একটাই আক্ষেপ থেকে গেল, সবাই গ্রেসের মর্যাদা বুঝেছে, উৎপল শুভ্রের নয়!
অবশ্য শুরুর ব্যর্থতা ঘোচানোর সুযোগ তিনি আগামীকালই পাচ্ছেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম আলোর প্রতিপক্ষ রাইজিংবিডিডটকম। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে
দেশের প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার ২৬টি দল।
উদ্বোধনী দিনের অন্যান্য ম্যাচে এটিএন নিউজ নয়া দিগন্তকে, মানবজমিন চ্যানেল ৭১-কে, দৈনিক কালের কণ্ঠ নিউ এজকে, চ্যানেল আই বাসসকে এবং চ্যানেল ২৪ হারিয়েছে আলোকিত বাংলাদেশকে।