বড় লড়াই ডাগ-আউটেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোচই দুই দলের নাড়িনক্ষত্র জানেন। ইকুয়েডর কোচ রেইনালদো রুয়েদা ছিলেন হন্ডুরাসের কোচ। ওদিকে হন্ডুরাস কোচ লুইস সুয়ারেজ ছিলেন ইকুয়েডরেরও দায়িত্বে! ‘ই’ গ্রুপের ম্যাচটি তাই শুধু খেলোয়াড়দের নয়, ডাগ-আউটের দুই মুখ্য চরিত্রেরও লড়াই।
দক্ষিণ আমেরিকার মাটিতে বিশ্বকাপ। ভয়ডরহীন খেলে চমকে দেবে ইকুয়েডর, এমনটাই ধারণা ছিল অনেকের । দর্শক সমর্থন, ব্রাজিলের কন্ডিশন—প্রথম ম্যাচে জয়ের জন্য মঞ্চও ছিল প্রস্তুত। কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি ‘আমারিয়স’রা। তবে সামনের দিকেই চোখ রাখছেন কোচ রেইনালদো রুয়েদা, ‘আমরা সুইজারল্যান্ডের বিপক্ষে খারাপ খেলিনি, তবে যথেষ্ট কার্যকরও ছিলাম না। কিন্তু সেসব নিয়ে এখন আর ভেবে লাভ নেই। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’ হন্ডুরাসকে সমীহও করছেন তিনি, ‘হন্ডুরাস খুবই শক্তিশালী প্রতিপক্ষ। খুব সুসংগঠিতও। এটি দারুণ একটি ম্যাচ হতে চলেছে।’
হন্ডুরাস যেন হাঁটছে উল্টো পথে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছিল হন্ডুরাস। জয় না হোক, অন্তত ফ্রান্সের সঙ্গে লড়াই করবে—এমনটাই প্রত্যাশা ছিল হন্ডুরানদের। কিন্তু শারীরিক ফুটবলের প্রদর্শনী ছাড়া আর কিছু তারা দেখাতে পারল কই? মারমুখী খেলে আর যা-ই হোক, জয় যে পাওয়া যাবে না তা জানেন হন্ডুরাস কোচ লুইস সুয়ারেজও, ‘আমাদের খুবই গুরুত্বপূর্ণ ৯০ মিনিটের জন্য প্রস্তুত হতে হবে। ফ্রান্সের বিপক্ষে যেমন খেলেছি, তার চেয়ে তো ভালো খেলতেই হবে।’ তথ্যসূত্র: এএফপি৷