বাংলাদেশে এমন বড় মাপের হকি টুর্নামেন্ট আগে হয়নি। সে দিক থেকে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডটা বড় এক মাইলফলকই। তবে এটা ভেবেই রোমাঞ্চিত হওয়ার কারণ নেই। সম্প্রতি নিরাপত্তাকে কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। এশিয়ান অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসেনি জাপান। একই কারণ দেখিয়ে বিশ্ব হকি লিগে আসছে না কানাডা। স্বাগতিক বাংলাদেশ এবং সাতটি বিদেশি দল নিয়ে হকির এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারাই আয়োজক হকি ফেডারেশনের জন্য বিশাল চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জটা জিততে যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটির একটা বিবরণ কাল সংবাদ সম্মেলনে দিলেন হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ। তাঁর দেওয়া তথ্য, এই প্রথম মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। দর্শকদের বিশেষ তল্লাশি করে ঢোকানো হবে গ্যালারিতে। মাঠ, হোটেল সবখানেই দলগুলোকে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা, ঢাকায় আগের হকি টুর্নামেন্টগুলোয় যা এতটা জোরালো ছিল না। সেটা মনে করিয়ে দিয়ে রহমতউল্লাহ বললেন, ‘আগের টুর্নামেন্টগুলোর চেয়ে এটি ভিন্ন মাপের টুর্নামেন্ট। তাই আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নিরাপত্তাবাহিনীও তৎপর।’
নিরাপত্তার বিষয়টি এতটাই বড় হয়ে উঠেছে যে, এই প্রথম আন্তর্জাতিক হকি ফেডারেশন দুজন নিরাপত্তা প্রতিনিধি পাঠিয়েছে ঢাকায়। তাঁদেরই একজন দক্ষিণ আফ্রিকার সিও রানো কাল বিকেলে হকি স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষই জানালেন। কানাডা কেন এল না সেই প্রসঙ্গে তাঁর কথা, ‘ওরা কেন আসেনি, সেটি ওদের সরকারের সিদ্ধান্ত। এতে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোনো ভূমিকা নেই। আমি বরং এখানে এসে দেখলাম, সব ঠিক আছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা চোখে পড়েনি। এখন পর্যন্ত আমি খুশিই আছি। আশা করি, বাকি দিনগুলোয়ও খুশি থাকব।’
শ্রীলঙ্কা বাদে বাকি ছয় বিদেশি দলেরই গতকাল ঢাকায় চলে আসার কথা ছিল। তাই আজ থেকে হকি স্টেডিয়াম আরও সরগরম হয়ে উঠবে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ সাতটি ম্যাচ সরাসরি দেখাবে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। টুর্নামেন্টের বাজেট ১ কোটি টাকা, যা জোগান দিচ্ছে ইনডেক্স ও এফএমজি গ্রুপ। কাল হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুটি প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন আরিফুল হক প্রিন্স ও ইয়াছিন চৌধুরী।