বড় হারে শুরু মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে জাহানারা-সালমারা জিতবেন—এমন স্বপ্ন দেখা ছিল বাড়াবাড়ি। তবে প্রতিদ্বন্দ্বিতা তো আশা করাই যায়। তা আর হলো কই? বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের কাছে ৭২ রানে হেরে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক জাহানারা আলম, ‘রুমানা ও নাহিদা ভালো বোলিং করেছে। আমরা কিছু রান বেশি দিয়ে ফেলেছি। ভারত খুবই শক্তিশালী দল। ভারতের মতো দলের বিপক্ষে ৯১ করাটাও বেশ ভালো।’
এমনিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের অতীত পরিসংখ্যান ভালো নয়। টি-টোয়েন্টিতে এর আগে সাতবার মুখোমুখি হয়ে সব ম্যাচেই হার। বিবর্ণ ওই রেকর্ড কিছুটা ভদ্রস্থ করার দারুণ সুযোগ কাল এসেছিল জাহানারা-সালমাদের সামনে। কিন্তু ভারতের মেয়েরা যে রানের ‘পাহাড়’ গড়লেন, সেটি টপকাতে পারেননি তাঁরা।
১৬৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৫ উইকেটে করতে পেরেছেন ৯১ রান। টি-টোয়েন্টির চাহিদা মেনে জাহানারা-সালমারা চার-ছক্কার বন্যা বইয়ে দিতে পারেননি। ইনিংসে চার এসেছে ৭টি, ছয় নেই একটিও। তবে এও ঠিক, বাংলাদেশের মেয়েরা উইকেট বিলিয়েও দেননি। নিগার সুলতানার ২৫ বলে ২৭ রান হয়ে থাকল ইনিংস সর্বোচ্চ। এরপর বলার মতো রান করেছেন ওপেনার শারমিন আক্তার, ২৭ বলে ২১।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিক দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মিতালি রাজ-বিল্লাস্বামী বনিতা। ওপেনিং জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে উঠল ৬২ রান। ভারতের ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা মিতালি অবশ্য জীবন পেয়েছিলেন ২৮ রানে। হরমনপ্রীত কৌরের ৪০ ও বেড়া কৃষ্ণমূর্তির অপরাজিত ৩৬ রানের কল্যাণে ২০ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১৬৩। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।
মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। আগেরটিও ছিল ভারতের, ৫ উইকেটে ১৫১। এত ‘বিশাল’ রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। পারল না কালও।
আগামীকাল একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৩/৫ (মিতালি ৪২, হরমনপ্রীত ৪০, বনিতা ৩৮; ফাহিমা ৩১/২, রুমানা ৩৫/২, নাহিদা ২৫/১)
বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৫ (নিগার ২৭*, শারমিন ২১, ফাহিমা ১৪, রুমানা ১২, জাহানারা ১০*; আনুজা ১৬/২, পুনম ১৭/২)
ফল: ভারত ৭২ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: হরমনপ্রীত কৌর