বত্রিশেই সরে দাঁড়ালেন সাইডবটম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন আসা-যাওয়ার মধ্যে, তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নিয়মিতই ছিলেন রায়ান সাইডবটম। ঘরোয়া ক্রিকেটে ফর্ম যেমন, তাতে টেস্ট ও ওয়ানডে দলে ফেরার সম্ভাবনাও ছিল। তবে লড়াইটা আর চালিয়ে যাওয়ার উৎসাহ নেই এই বাঁহাতি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটকে তাই বিদায় বলে দিলেন মাত্র ৩২ বছর বয়সেই।নয় বছরের ক্যারিয়ারে ২২ টেস্ট, ২৫ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন সাইডবটম। ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে পা রেখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওই বছরই খেলেছিলেন ২টি ওয়ানডে। তবে টেস্টে উইকেটবিহীন ও দুই ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পর দলের বাইরে চলে যান। ধীরে ধীরে চলে যান দৃষ্টির আড়ালেও। ধারণা করা হয়েছিল বাবা সাবেক ডানহাতি পেসার আর্নি সাইডবটমের মতো এক টেস্টেই থেমে যাবে তাঁর ক্যারিয়ার। তবে নটিংহ্যামশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স ২০০৭ সালে পুনরুজ্জীবন ঘটায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের। এরপর থেকে মোটামুটি নিয়মিত ছিলেন দলে।২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট হ্যাটট্রিকও করেছিলেন, ৩ টেস্টের সিরিজে নিয়েছিলেন ২৪ উইকেট। ওই বছরই ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সর্বশেষ ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় গত ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তাঁর ছিল বড় ভূমিকা। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩ ওভার বোলিং করে নিয়েছেন ২ উইকেট। বিদায়ের ঘোষণা দিয়ে সাইডবটম জানালেন, ‘ইংল্যান্ডের হয়ে আমি দারুণ সময় কাটিয়েছি, কিন্তু এখন সময় তরুণদের একটু সুযোগ দেওয়ার। ইংল্যান্ডের হয়ে আমার যা অর্জন, একসময় তা স্বপ্নেও ভাবতে পারিনি। এই মুহূর্তে মনে পড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক ও সিরিজ-সেরা হওয়া। স্বপ্নের মতো কিছু সময় কাটাতে পেরে আমি সত্যি গর্বিত। তবে আমার মনে কোনো সন্দেহই নেই যে, বিদায়ের সময় এটাই।’