বদল চান ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হলো? কীভাবে হলো? কেন বারবার একই ঘটনা ঘটছে? সমাধানই বা কী? বিশ্বকাপ কি অধরাই থেকে যাবে?
মাথার মধ্যে এসব প্রশ্ন গেঁথে নিয়েই দেশে ফিরছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। যত শিগগিরই সম্ভব প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি ম্যাককালামদের জন্য। ঘরের মাঠের আসল বিশ্বকাপটাও যে এল বলে।
পরশু চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬০ রানে অলআউট। ৫৯ রানের বিশাল হার। নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলার স্বপ্ন লুটোপুটি খেল ধুলোয়। ছয়-ছয়টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে একবারও ফাইনালে উঠতে না-পারা, ক্রিকেটের চিরন্তন আক্ষেপের গল্প যে কিউইদেরই। ২০ ওভারের বিশ্বকাপে মাত্র একবার সেমিফাইনালে ওঠা দলটির সাফল্য বলতে ২০০০ সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট জয়।
বিস্মরণযোগ্য ইতিহাস সন্দেহ নেই। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপটাও যাতে তাতে যোগ না হয়, সে জন্য এখনই ব্যবস্থা নিতে বলেছেন ম্যাককালাম। শিক্ষা নিতে বলেছেন বাংলাদেশের ব্যর্থতা থেকেও, ‘আমি বলেছিলাম আমাদের এখানে সত্যিই ভালো খেলা উচিত। কিন্তু আমরা (সামর্থ্যের) ৮০ শতাংশ খেলার মতোও ভালো ছিলাম না।’
খোলাসা না করলেও কিছু বিষয় নিয়ে বিরক্তি লুকাননি কিউই অধিনায়ক, ‘কিছু কিছু ব্যাপার ওগুলো নিয়ে আমি পরে বলব। কিছু কিছু জিনিস বদলাতে হবে। অন্যথা বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে কয়েকটা জয়, কয়েকটা হার, কখনোই কোনো ট্রফি না-জেতা এভাবেই চলতে থাকবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক বিশ্বাসই করতে পারছিলেন না কী হলো, ‘আপনি কীভাবে ৬০ রানে গুটিয়ে যান? আমি এখনো ভেবে কূল পাচ্ছি না কীভাবে হলো, যেখানে একজনই ৪০-এর মতো করল।’
ম্যাককালাম প্রশ্ন তুলেছেন নিজেদের ক্রিকেটবোধ নিয়েও, ‘টি-টোয়েন্টির ধরনটাই এমন আপনাকে সিদ্ধান্ত নিতে খুব চাতুর্য দেখাতে হবে। ক্রিকেটজ্ঞানের ঘাটতি নিয়ে আপনি চলতে পারেন না। এই টুর্নামেন্টে এটির অভাব ছিল আমাদের।’ ওয়েবসাইট।