মাঠের বাইরে অনেক পাগলামি করেন। আতশবাজি পোড়াতে গিয়ে ঘরে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়ার ‘কীর্তি’ আছে। গাড়ি নিয়ে হাইওয়েতে পাগুলে রেসে মেতে ওঠেন। হুট করে ঢুকে পড়েন কোনো স্কুলে। এই তো সেদিন অনাহূত অতিথি হয়ে ঢুকে পড়েছিলেন ইন্টার মিলানের নতুন কোচের অভিষেক অনুষ্ঠানেও। সেসব মেনে নেওয়া যায়। অনেকে হয়তো মজাও পান। তবে মাঠেও মাঝেমধ্যেই পাগলামি করেন মারিও বালোতেল্লি। ব্যাকহিল করে পেনাল্টি নেওয়ার ঘটনাও খুব বেশি দিনের পুরোনো নয়।রবার্তো মানচিনির ভয়টা এখানেই। ম্যাচের গুরুত্ব বুঝতে পারাও একজন খেলোয়াড়ের বড় গুণ। কিন্তু খ্যাপা বালোতেল্লির ওপর কোনো ভরসা নেই। রবার্তো মানচিনি পরশু ম্যাচের আগে খোলাখুলিই বলেছেন, ইতালিয়ান এই স্ট্রাইকারের ওপর আস্থা রাখতে তিনি ভয় পান। পরশু ম্যাচেও যেমন রেফারি, প্রতিপক্ষ তো বটেই, এমনকি ফ্রি-কিক কে নেবে এটা নিয়ে সতীর্থ কোলারভের সঙ্গেও পর্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন। ম্যাচ শেষে জানা গেল, বালোতেল্লিকে নাকি ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিট পরেই তুলে আনতে চেয়েছিলেন কোচ! শেষ পর্যন্ত তোলেননি। তাতে একদিক দিয়ে লাভই হয়েছে সিটির। ৩-১ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ড্র করা গেছে। হারতে বসা ম্যাচে শেষ ছয় মিনিটে ২ গোল করে একটা পয়েন্ট অন্তত আনা গেছে। সিটির তিন গোলের দুটিই বালোতেল্লির, দ্বিতীয় গোলটি করেছেন শেষ দিকে। তার পরও ২১ বছর বয়সী এই স্ট্রাইকারের ওপর সন্তুষ্ট নন মানচিনি। ইতালিয়ান এই কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘আমি ওকে পাঁচ মিনিট পরেই তুলে নিতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত অবশ্য ও দুটি গোল করেছে। তবে ও ভালো খেলেনি। এ ধরনের ম্যাচে স্ট্রাইকারকে হতে হবে অন্য রকম, শুধু শেষ দুই মিনিট নয়, পুরো ম্যাচেই।’ এ কারণেই এখন প্রথম একাদশে কার্লোস তেভেজের অনুপস্থিতি খুব অনুভব করছেন মানচিনি, ‘মারিও বা এডিন জেকোর মতো খেলোয়াড়দের দুটি-তিনটি গোল করতে হবে এ ধরনের ম্যাচে। এ মুহূর্তে আমাদের কার্লোস তেভেজের মতো স্ট্রাইকার দরকার, যে পার্থক্য গড়ে দিতে পারে। আমি এটা খুব করে চাইছি।’এ ম্যাচেও ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছেন তেভেজ। শেষের দিকে সিটি বেশ ধারালো হয়ে উঠেছিল। কিন্তু মানচিনির বক্তব্য, ‘ড্র হয়তো এই ম্যাচে ন্যায্য ফল। কিন্তু আমরা ভালো খেলিনি। আমি শেষ ১০ মিনিট নিয়ে খুশি, কিন্তু প্রথম ৮০ মিনিট নিয়ে একদমই খুশি নই।’ গত ১৪ মাসে এই প্রথম নিজেদের মাঠে পয়েন্ট হারাল সিটি। লিগের এই পর্যায়ে এসে নিজেদের মাঠে খেলে ৩ পয়েন্ট তুলে না-নিতে পারা মানে পায়ে কুড়াল মারা। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (৭৩ পয়েন্ট) চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়ল সিটি। আজ সেটিকে পাঁচে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে ম্যানইউ। মানচিনি ম্যানইউর পরাজয়ই চাইবেন, তবে ম্যাচটা ড্র হলেও ম্যানইউ ৩ পয়েন্টের দূরত্বে থাকে। কিন্তু ১৭ নম্বরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্স ম্যানইউকে আটকাতে পারবে তো? রয়টার্স।