‘প্রথম’-এর এই এক মজা। অনেক কিছুই হবে। অনেক পরিবর্তন। পুরোনো রেকর্ড ভাঙবে, নতুন রেকর্ড আসবে। কিন্তু ‘প্রথম’ কীর্তি অম্লান থেকে যাবে। নিকোলা অ্যাডামসের কীর্তি কেউ ভাঙতে পারবে না কোনো দিন। অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে চিরদিনই স্মরণ করা হবে তাঁকে।সেদিক দিয়ে লিডসের ২৯ বছর বয়সী তরুণীর এ এক বিরাট অর্জন। পরশু স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে মেয়েদের বক্সিংয়ে সোনা এনে দিয়েছেন। তাঁকে নিয়ে ব্রিটিশ মিডিয়ায় মাতামাতির শেষ নেই। কিন্তু নির্মাণশ্রমিক থেকে শুরু করে টেলিভিশনের ‘এক্সট্রা’ হিসেবে কাজ করা অ্যাডামস মাটিতেই পা রাখছেন। এই বিরাট অর্জন কীভাবে উদ্যাপন করবেন? এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘পরিবারের সঙ্গে হয়তো উদ্যাপন করব। সবাই মিলে ন্যানডোসে (রেস্তোরাঁ) যাব।’এই এক সোনা ব্রিটেনে তারকাখ্যাতি এনে দিয়েছে তাঁকে। অ্যাডামস সেই পরিবর্তনটা টেরও পাচ্ছেন। তবে নিজেকে আগের মতোই রাখার যথাসাধ্য চেষ্টা করবেন বলেই জানালেন, ‘জীবন এখন পাল্টাবেই। তবে আমি আগে যা করতাম, সে রকমই থাকার যথাসম্ভব চেষ্টা করব।’ নিজের কীর্তিটা যে কত বড়, সেটা নাকি এখনো বুঝতে পারছেন না। সবকিছু থিতিয়ে এলেই পরে বুঝতে পারবেন। বলছেন, ‘এটা আমার কাছে রূপকথার সমাপ্তির মতো।’এত পরে এসে অলিম্পিকে মেয়েদের বক্সিং শুরু হওয়ার কারণ, খেলাটি মেয়েদের জন্য নয় বলে মনে করেন অনেকেই। বক্সিংয়ের অন্যতম সেরা দেশ কিউবা যেমন এই ধারণার অন্যতম পতাকাবাহকও। এই প্রশ্ন করা হয়েছিল অ্যাডামসকেও। তিনি বলছেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নই। দর্শকেরাই এর ভালো উত্তর দিতে পারবে।’ এবং দর্শকেরা কী উত্তর দিয়েছে, সেটাও বলে দিচ্ছেন তিনি, ‘দর্শক আর সমর্থকেরা সত্যিই অবিশ্বাস্য ছিল। ছেলেদের হয়ে ওরা যেভাবে গলা ফাটিয়েছে, মেয়েদের জন্যও সমান সমর্থন দিয়েছে। দর্শকদের সমর্থন পাওয়া অনেক বড় ব্যাপার।’এর পর পেশাদার বক্সিংয়ে নামলেও নামতে পারেন। যদিও তাঁর ভাবনায় আপাতত দুটি লক্ষ্য: ২০১৬ রিও অলিম্পিক এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেরি কমের রাজত্বে ফাটল ধরানো। এএফপি।