বদলাবেন না মিসবাহ
তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্নের শেষ নেই। এই সময়ের সঙ্গে বেমানান ব্যাটিং তাঁকে কাঠগড়ায় দাঁড় করায় প্রায়ই। কিন্তু মিসবাহ-উল-হক সেটি নিয়ে মোটেও ভাবেন না। দুর্দান্ত ব্যাটিংয়ে ফয়সালাবাদ উলভসকে ফয়সাল ব্যাংক সুপার এইট টি-টোয়েন্টির শিরোপা জেতানোর পর পাকিস্তান অধিনায়ক বলেছেন, পাল্টাবেন না ব্যাটিংয়ের ধরন।দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে আসার পর আবার তোপের মুখে আছেন মিসবাহ। ওয়ানডে সিরিজের দলের সর্বোচ্চ রান করেছিলেন তিনিই। তার পরও তাঁর ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। কিন্তু পরশু শেষ হওয়া টুর্নামেন্টে ১৪০.১৩ স্ট্রাইকরেট ও ১০৩ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ২০৬ রান করেছেন মিসবাহ। মেরেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ১২টি ছয়। এর পরই একহাত নিয়েছেন সমালোচকদের, ‘আমার ব্যাটিং দর্শন হলো দলের প্রয়োজন বুঝে খেলা, ভুল বুঝে এটাকেই অনেকে মনে করে আমার দুর্বলতা। কিন্তু যে যা-ই বলুক, সাফল্য পাই আর না পাই, আমি এভাবেই খেলে যাব।’ তবে মিসবাহর এই জবাবেও থেমে নেই সমালোচনা। অন্তত ওয়ানডে নেতৃত্বে বদল চান অনেকেই। ২০১৫ বিশ্বকাপের বাকি আর দুই বছর, আগামী মাসে চল্লিশে পা দিতে যাওয়া একজনকে অধিনায়ক করে রাখার কোনো মানে দেখছেন না সাবেকরা। একের পর এক তির ছুটে যাচ্ছে কোচ ডেভ হোয়াটমোরের দিকেও। ওয়াকার ইউনিস দায়িত্ব ছাড়ার পর ভারপ্রাপ্ত কোচ মহসিন খানের কোচিংয়ে দারুণ সাফল্য পাচ্ছিল পাকিস্তান। এমনকি অননুমেয় তকমাটাও প্রায় ঝেড়ে ফেলছিল দলটি। কিন্তু হোয়াটমোরের কোচিংয়ে পাকিস্তান আবারও সেই পুরোনো চেহারায়। সমালোচনার বর্ষণে অবশ্য মাথার ওপর শক্ত একটা ছাতা পেয়েছেন মিসবাহ ও হোয়াটমোর। পিসিবি প্রধান জাকা আশরাফ পাশে দাঁড়িয়েছেন দুজনেরই। অতীতের বোর্ডপ্রধানদের মতো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ আশরাফ, ‘মিসবাহর নেতৃত্ব বা হোয়াটমোরের চাকরি শেষ হওয়া নিয়ে কোনো শঙ্কা আমি দেখছি না। গত এক বছরে তাদের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্স বিশ্লেষণে আমাদের এটাও মাথায় রাখতে হবে।’ মিসবাহর বয়সকেও কোনো বাধা মনে করছেন না আশরাফ। বরং আরও কিছু সময় দিতে চান অধিনায়ক ও কোচকে, ‘নেতৃত্ব নেওয়ার পর থেকে দলকে সে (মিসবাহ) বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে এবং নিজেও ভালো পারফর্ম করেছে। দক্ষিণ আফ্রিকায় দল ভালো না করলেও মিসবাহ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। টি-টোয়েন্টি সুপার এইট কাপেও তো দুর্দান্ত ব্যাটিং করল। যত দিন ফিট আছে এবং পারফর্ম করে যেতে পারে, বয়স কোনো সমস্যা নয়। হোয়াটমোরের সঙ্গে আমাদের চুক্তি দুবছরের, সঠিক সময়েই আমরা তার পারফম্যান্স কাটাছেঁড়া করব।’ ওয়েবসাইট।