বদলে গেছে ডাচদের পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ বছর পর... প্রায় তিন যুগ।উজবেক রেফারি রাসভান ইরমাতভ শেষ বাঁশিটা বাজিয়ে দেওয়ার পর গ্যালারির কমলা ঢেউয়ের দিকে তাকিয়ে মনে পড়ল এই কথা। সত্তর দশকে বিশ্ব ফুটবলে যে কমলা রঙের বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের উত্তরসূরিরা আবার আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠল। মাঝখানে পেরিয়ে গেছে ৩২টি বছর।১৬৫২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেপটাউনে গোড়াপত্তন করেছিল ডাচ উপনিবেশের। কালের বিবর্তনে সেই উপনিবেশ আর নেই। তবে রয়ে গেছে অনেক ডাচ জনগোষ্ঠী। পরশু গ্রিন পয়েন্ট স্টেডিয়াম তাই কমলা হয়ে গেল। কিন্তু যেমন ভাবা হয়েছিল, হল্যান্ড ফাইনালে উঠলে স্টেডিয়াম উন্মত্ত হয়ে উঠবে উন্মাদ উৎসবে, তা হয়নি। স্নাইডার, রোবেন, ফন পার্সি, কিউটরা সারা মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন জানানোর সময় গ্যালারি একটু প্রাণচঞ্চল হলো। ব্যস, ওই পর্যন্তই। এমন খবর আসেনি যে সারা রাত ধরে কেপটাউন নেচেছে, গেয়েছে। কেন উৎসবের রংটা তীব্র নয়?দর্শক, ফুটবলবোদ্ধা, সাংবাদিক— অনেকেরই ধারণা, ডাচরা আনন্দ করতে ভুলে গেছে। সেই কবে, ১৯৭৮ সালে উঠেছিল তারা বিশ্বকাপ ফাইনালে। এর পর থেকে তাদের নাম মুখে এলে ভালো ফুটবলের ছবি ভাসে চোখে, একই সঙ্গে ভাসে খুব দ্রুতই বড় টুর্নামেন্টে পাততাড়ি গোটানো। ‘বিশ্বকাপের ফাইনাল’— ব্যাপারটা হূদয়ঙ্গম করতে একটু সময় তো লাগবেই। হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক, যিনি এরই মধ্যে ডাচদের কাছে ‘দ্বিতীয় রাইনাস মিশেলস’ হয়ে গেছেন, তিনি অবশ্য বুঝেছেন কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়! সংবাদ সম্মেলনে এলেন হাসিমুখে। আনন্দের প্রকাশটা তীব্র নয়। যাকে বলে নীরব অহংকারের হাসি। এসে সবাইকে ধন্যবাদ জানালেন সমর্থন জোগানোর জন্য। তার পরই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বের করে আনলেন সেই সত্যটা, ‘দীর্ঘ ৩২ বছর পর আমরা ফাইনালে!’ডাচ প্রথম বিভাগ লিগে বিভিন্ন দলের হয়ে খেলেছেন ৩৯৩টি ম্যাচ, হল্যান্ড দলের হয়ে মাত্র একটি। ছিলেন মিডফিল্ডার। ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে হল্যান্ড রাশিয়ার কাছে ভেঙে পড়ার পর দায়িত্ব নেন। তখন নিজেও এতটা ভাবেননি, ‘দুবছর আগে কেউ যদি আমাকে বলত, তুমি এই দলটিকে নিয়ে বিশ্বকাপের ফাইনালে যাবে, আমি নিজেই বিশ্বাস করতাম না। আজ সত্যিই আমরা শিরোপার মঞ্চটা দেখতে পাচ্ছি। কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারব না।’ তা কী রহস্য অভাবনীয় এই কীর্তির? মারউইক জানালেন, ‘প্রথমত আপনাকে একটা বিশ্বাস নিয়ে এগোতে হবে। আমার মনে হয়েছিল, হল্যান্ড যে ফুটবলটা খেলে তাতে একটু পরিবর্তন আনা দরকার। গোল করাই সব নয়, গোল ধরে রাখাও শিখতে হবে। আমি সেভাবেই গড়ে তুলেছি আমার দলকে। খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত হতে উদ্বুদ্ধ করেছি সব সময়। আমি ভাগ্যবান যে একগুচ্ছ অসাধারণ খেলোয়াড় আমি পেয়েছি।’ খেলার ধরনটা বদলেছেন, আক্রমণাত্মক ডাচ ফুটবলের চরিত্রে লাগিয়েছেন রক্ষণাত্মক, পাল্টা আক্রমণনির্ভর ফুটবলের ‘কলঙ্ক’, ডাচ সৌন্দর্য বিসর্জন দিয়েছেন—অবধারিত এই প্রশ্নটা উঠল।‘সুন্দর ফুটবল’ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মারউইক, ‘আমিও সুন্দর ফুটবল চাই। আমি বার্সেলোনার পাসিং ফুটবলের একনিষ্ঠ ভক্ত। এখনো আমার মন থেকে সুন্দরের তৃষ্ণা মরে যায়নি। তবে গত চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে বার্সেলোনার পরাজয় দেখে একটা উপলব্ধি আমার হয়েছে। সব সময় পাসিং ফুটবল খেলে জেতা যায় না। আর আপনারা তো জানেন, একটা বিশ্বকাপ জয়ের হাহাকার কতটা তীব্র আমাদের কাছে।’এই তীব্র জিগীষার কাছে ব্রাজিলের সুন্দর ফুটবল পর্যন্ত মরে গেছে। এটাই এখন ফলকেন্দ্রিক ফুটবলের নতুন পৃথিবী। ডাচ ফুটবলের শাপগ্রস্ত রাজপুত্র ইয়োহান ক্রুইফের হঠাৎ একটু নীরব হয়ে যাওয়ার কারণও কি এটাই নয়! তাঁর নেতৃত্বেই গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল হল্যান্ড। কিন্তু ফাইনালে গিয়ে নির্মমভাবে জার্মানির হাতে খুন হয়েছিল শিরোপার স্বপ্ন। তিনি পারেননি। তাঁর অনুজ মারউইকের হাত ধরে উত্তরসূরিরা আবারও শেষ যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়েছে। হয়তো শেষ লড়াইটার দিকেই চোখ রাখছেন ক্রুইফ।জার্মানি না স্পেন দাঁড়াবে হল্যান্ডের সামনে, সেটি ঠিক করে দিয়েছে কাল ডারবানের সেমিফাইনাল। মারউইকের দল কালই জোহানেসবার্গ ফিরে গিয়ে তাদের প্রতিপক্ষের অপেক্ষায় থাকবে। নিজে যেমন বললেন, স্পেনকে পেলে হয়তো সতর্ক আবরণে ঢেকে রাখা সুন্দর আক্রমণাত্মক ফুটবলকেই উন্মুক্ত করে দেবেন। আর জার্মানিকে পেলে তৈরি থাকবেন লড়াইয়ের জন্য। স্পেন সেরা ফুটবল খেলে, কিন্তু এই টুর্নামেন্টের সেরা দল জার্মানি। ১৯৭৪ বিশ্বকাপের জার্মানি তাদের সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখিয়েছিল ফাইনালে। কিন্তু এই জার্মানি টুর্নামেন্টের শুরু থেকেই নিষ্ঠুর, নির্মম।হল্যান্ড দলের প্রধান অস্ত্র, ৬ ম্যাচের ৪টিতে ম্যান অব দ্য ম্যাচ, আর পাঁচ গোল করে সোনার বল ও সোনার জুতার দৌড়ে এগিয়ে থাকা ওয়েসলি স্নাইডারও বললেন, ‘আমরা এখন শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার মতো অনুভূতি হচ্ছে আমার। যদিও জানি, এটি আরও বড় অর্জন।’ফুটবল নতুন প্রজন্মের কাছে আলাদা উপলব্ধি নিয়ে উপস্থিত। কিন্তু ওই মারউইক বা ক্রুইফের কাছে জিজ্ঞেস করে দেখুন, তাঁদের বুকের মধ্যে কী উথালপাথাল শুরু হয়ে গেছে। ফাইনালের চার দিন আগেই তাঁদের মনে, গোটা ডাচ জাতির অন্তরে ঘুরে-ফিরে আসছে ১৯৭৪-১৯৭৮।