বদলে গেছে দিল্লির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-চীনের সঙ্গে সীমান্তে যুদ্ধ করে অভ্যস্ত ভারত। যুদ্ধ জয়ের অভিজ্ঞতাও দেশটির আছে। অতএব পরিস্থিতি ‘যুদ্ধকালীন’ হলেই ভারত ভালো পারে! এবার কমনওয়েলথ গেমসের ক্ষেত্রেও তাই দেখা গেল। যেই না ভারতীয় সরকার যুদ্ধ-পরিস্থিতি বিবেচনায় জরুরি পদক্ষেপ নেওয়া শুরু করেছে, অমনি পরিস্থিতির বদল। ভারতের কেন্দ্রীয় সরকার ও দিল্লি রাজ্য সরকারের গৃহীত জরুরি সব ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করতে শুরু করেছে গেমস নিয়ে এর আগে নানা আপত্তি তুলতে থাকা দলগুলো। যদিও বড় যেসব তারকা গেমস থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন, তাঁদের মত বদলানোর কোনো ইঙ্গিত নেই। বরং আরও কয়েকজন ইংলিশ সাইক্লিস্ট ও কানাডিয়ান তীরন্দাজ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার পরও কালকের দিনটা দিল্লি গেমসের জন্য একটা সুখবরের দিন বলেই বিবেচনা করতে হবে।যে ইংল্যান্ডকে নিয়ে সংশয় ছিল, তাদের ২২ সদস্যের ছোট্ট একটি দল এরই মধ্যে দিল্লি পৌঁছে গেছে। গতকাল সকালেই গেমসে অংশগ্রহণ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও কানাডা। গেমস-পল্লিতে উঠে গেছে ভারতের ৭৩০ সদস্যের বিশাল বহর। গেমস-পল্লি ঘুরে দেখে ‘উন্নতি হচ্ছে’ বলে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি মাইক ফেনেল।আর সবকিছুই হয়েছে আসলে ভারতের কেন্দ্রীয় সরকার ও দিল্লি রাজ্য সরকার গেমসের ব্যবস্থাপনা নিয়ে মাথা ঘামাতে শুরু করায়। দিল্লি গেমস নিয়ে সারা পৃথিবী থেকে ‘গেল গেল’ রব উঠলেও ভারতীয় সরকারের যেন এটা নিয়ে কোনো মাথাব্যথাই ছিল না। অবশেষে এই গেমস নিয়েই ভারতের ‘পরাশক্তি’ ভাবমূর্তি ধুলোয় মিশে যাওয়ার সম্ভাবনা যখন প্রবল হলো, তখন রুখে দাঁড়ালেন প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, দিল্লি মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী জয়পাল রেড্ডি, ক্রীড়ামন্ত্রী এম এস গিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ও মন্ত্রিসভা সচিব কে এম চন্দ্রশেখর উপস্থিত ছিলেন।এই বৈঠক শেষে পি চিদাম্বরম তীব্র ভাষায় গেমস-পল্লির অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছেন। এবং ২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতাকাজ শেষ করে পল্লির দায়িত্ব দিল্লি সরকারের হাতে তুলে দিতে আয়োজক কমিটিকে নির্দেশ দিয়েছেন। এদিকে কানাডা ও নিউজিল্যান্ড নিজেদের ব্লকগুলো পরিষ্কার করে নিয়েছে নিজেদের একদল পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে। নিউজিল্যান্ড গত পরশু দিল্লি যাত্রা পিছিয়ে দেওয়ার পর বলেছিল, ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে তারা গেমসে নাও আসতে পারে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড দল রওনা দিয়েছে, এসে পৌঁছাবে আজই।শুক্রবারই ইংল্যান্ডের ৫৫১ সদস্যের দলের ২২ জন চলে এসেছেন। যদিও তাঁরা পল্লিতে না উঠে আগে হোটেলে উঠেছেন; পরিস্থিতি দেখে পল্লিতে উঠবেন। এদিকে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি মাইক ফেনেল আয়োজক কমিটির সঙ্গে কাল পল্লি ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, আসলেই ২৪ ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।একই আশা এরই মধ্যে পল্লিতে উঠে পড়া ভারতীয় অ্যাথলেটদের। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অ্যাথলেট বলছেন, এখনো পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়নি। এএফপি, রয়টার্স, পিটিআই, ওয়েবসাইট।