বদলে গেছে বাংলাদেশের ব্যাটিং
গ্যালারির সাধারণ দর্শক থেকে শুরু করে জাতীয় দলের কোচ জেমি সিডন্স—উপলব্ধির বিশেষ এক জায়গায় দ্বিমত নেই কারোরই। বদলে গেছে বাংলাদেশের ব্যাটিং! প্রবল ঝড়ে হয়তো ক্ষণিকের জন্য মাথা নোয়াতে হয়, কিন্তু ঝড় শেষে মাথা তুলে দাঁড়ানোর সাহসটাও এখন অনুষঙ্গ।কাল শেষ হতে যাওয়া আইডিয়া কাপেই আছে তিনটি জ্বলজ্বলে প্রমাণ— শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৪ রানে ৪ উইকেট হারানোর পরও বাংলাদেশের স্কোর ২৬০, তাও ৩ উইকেট হাতে রেখে। একই প্রতিপক্ষের বিপক্ষে পরের ম্যাচে ৮৮ রানে পড়েছিল ৩ উইকেট। ৫০ ওভার শেষে স্কোর তারপরও ২৪৯, অক্ষত ছিল ১ উইকেট। সর্বশেষটা তো গতকালই দেখলেন। ১৫ রানের মধ্যে ২ উইকেট পড়ার পর ৯৫ রানের মধ্যে নেই ৫ উইকেট। অথচ বাংলাদেশ এ ম্যাচে অলআউট হয়নি! ৬ উইকেটে ২৪৭ রানে শেষ হয়েছে ইনিংস।অধিনায়ক সাকিব আল হাসান আইডিয়া কাপেই একাধিকবার বলেছেন, বাংলাদেশ এখন মাথা নোয়ায় না। বিপদে শির উঁচু করার মতো শক্ত হচ্ছে ব্যাটিংয়ের মেরুদণ্ড। সেই মেরুদণ্ড কখনো হচ্ছেন মোহাম্মদ আশরাফুল, কখনো তামিম ইকবাল, কখনো মাহমুদউল্লাহ, আবার কালকের মতো কখনো স্বয়ং সাকিব। ৯৫ রানে ৫ উইকেট পড়ার পর কাল যখন অনেকের মুখেই শ্লেষের হাসি, এই তাহলে ব্যাটিংয়ের উন্নতি! সাকিবের ব্যাট দুরন্ত হয়ে উঠল। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেই ক্ষণিকের খারাপ সময়কে উড়িয়ে মারার ইঙ্গিত দিয়েছিলেন, কাল তো উড়িয়েই মারলেন! নিজের কথা নিজে প্রমাণ করলেন, বাংলাদেশের ব্যাটিং এখন মাথা নোয়ায় না। কেউ না কেউ নির্ভরতা দিচ্ছেন।কৌতূহল জাগতে পারে, কী এমন তাবিজ-কবজে বদলে গেল ব্যাটিংয়ের সদা ভঙ্গুর চেহারাটা? প্রথমত, অবশ্যই ব্যাটসম্যানরা ভালো খেলছেন। পরিস্থিতির সঙ্গে সামর্থ্যের সম্মিলন হচ্ছে। ব্যক্তিবিশেষের ওপর নির্ভরতা কমেছে। আজ ‘অমুক রান করেনি বলে কেউই করবে না’র দিন বিদায় নিয়েছে সালতামামির সঙ্গে। এখন সবাই আত্মনির্ভরশীল, ভালো খেলার তাড়নায় উজ্জীবিত। ‘কেহ কারে নাহি জিনে সমানে সমান।’ দ্বিতীয়ত, বাংলাদেশের ব্যাটিং-অর্ডার এখন বিশ্বের দীর্ঘতম সৈকতের মতোই লম্বা। তামিম-ইমরুলকে দিয়ে যার শুরু...শেষ যে কোথায়! ভাবতে পারেন, এই দলের আট নম্বরে যিনি ব্যাট করেন, তাঁর নাম ‘ছক্কা-নাঈম’!লম্বা ব্যাটিং-অর্ডার, ব্যাটসম্যানদের রানমুখী করা, প্রত্যেকের মধ্যে এই বোধ আনা যে তাঁর দিকেই তাকিয়ে আছে সবাই—বাংলাদেশ দলের মানসিকতায় এই ঘষামাজা যিনি করেছেন, তাঁকেও বা ফেলে দেন কী করে? কোচ জেমি সিডন্সের কথাই বলা হচ্ছে। অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ ছিলেন। রিকি পন্টিং-অ্যাডাম গিলক্রিস্টদের অনুশীলনসঙ্গী ছিলেন যিনি, সাকিব-তামিমরা তাঁর হাতে পড়ে কিছু শিখবেন না, তা কী করে হয়? সিডন্স অবশ্য প্রশংসাটা এভাবে নিতে রাজি নন। সেদিন অনুশীলন শেষে উল্টো ছাত্রদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সব কৃতিত্ব বিলিয়ে দিলেন অকাতরে।শিল্পীর অতৃপ্তির মতো শিক্ষকের তুষ্টিরও শেষ নেই। ব্যাটসম্যানদের কথা উঠলে তাই কোচের সবার আগে মনে পড়ে, বড় ইনিংস খেলতে পারছে না কেউ। যেটা গতকালের ম্যাচের আগে বলেছিলেন সাকিবও, ‘কেউ যদি বড় রান করে, তাহলে খুবই ভালো হবে। আমরা ফিফটি-সেভেন্টি করছি, কিন্তু কেউ বড় রান করছি না। অনেকের সামনে সুযোগ এসেছিল। কেউ কাজে লাগাতে পারেনি।’ কাল যেমন পারেননি সাকিব নিজেও। বিপর্যয়ে প্রতিরোধ গড়ে তোলা তাঁর ৯৭ বলে ৮৫ রানের ইনিংস তো অতৃপ্তির কথাও বলে! আরও ভালোও তো হতে পারত শেষটা।এত ভালোর পরও অতৃপ্তি! এটাও বোধহয় আরও একটা পাওয়া বাংলাদেশের ব্যাটিংয়ের। আরও ভালো ব্যাটিংয়ের সামর্থ্য যে আছে সাকিব-আশরাফুলদের, এই অতৃপ্তি তো সেই স্বীকৃতিই দেয়!