বদলে গেছে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগে এই মোহামেডানের পক্ষে বাজি ধরতে ভয় পেতেন সমর্থকেরাও। কিন্তু লিগের ফিরতি পর্ব থেকেই বদলে গেছে সাদা-কালো দলটি। ব্রাদার্সের সঙ্গে ড্র দিয়ে শুরু। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারানো। জয়ের ধারাটা কালও ধরে রাখল শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে। অথচ এই রাসেলের কাছেই প্রথম পর্বে ৩-০ গোলে হেরেছিল মোহামেডান!এই জয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এল পঞ্চম স্থানে। হেরেও অবশ্য তৃতীয় স্থানেই রইল শেখ রাসেল, ১৪ ম্যাচে ২১ পয়েন্ট তাদের।মধ্যবর্তী দলবদলে নতুন বিদেশিদের নিয়ে দলের চেহারাই পাল্টে দিয়েছে মোহামেডান। দারুণ আত্মবিশ্বাসী লাগছে খেলোয়াড়দের। এখন সমর্থকও আসছে। কালও মোহামেডান গ্যালারির একাংশ ভরে রাখল প্রায় হাজার দুয়েক সমর্থক।ঠিক উল্টো চিত্র রাসেলে। আগের ম্যাচে আরামবাগের সঙ্গে ড্রটাই শিরোপা-দৌড় থেকে তাদের প্রায় ছিটকে দিয়েছিল। কালকের হারে যেন ‘প্রায়’ শব্দটাও হারিয়ে গেল। টানা পাঁচ ম্যাচ পর পেল হারের স্বাদ। ম্যাচ শেষে কোচ মারুফুল হকের মুখে রাজ্যের হতাশা, ‘খেলোয়াড়দের কোনো লক্ষ্য নেই। এভাবে লক্ষ্যহীন যাত্রায় গন্তব্যে পৌঁছানো মুশকিল।’ বাস্তবতা হলো, শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলার সঙ্গে জুটিই হচ্ছে না কারোর।তবে কাল প্রথমে এগিয়ে যেতে পারত রাসেলই। কিন্তু বুকোলা ৪ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বলটা তুলে দেন বারের ওপরে। ১৩ মিনিটে উল্টো মোহামেডানই এগিয়ে যায় মোবারকের গোলে। গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের সামনে মোবারক প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় আলতো টোকায় বল পাঠান জালে (১-০)। হাত ফসকে বেরিয়ে যাওয়া বলটি ডান দিকে ঝাঁপিয়েও শেষ রক্ষা করতে পারেননি বিপ্লব। তবে গোল খেয়ে হুঁশ ফেরে রাসেলের। দ্বিতীয়ার্ধে খেলে আরও আক্রমণাত্মক। মোহামেডান ততক্ষণে পুরো রক্ষণাত্মক এবং পাল্টা আক্রমণ থেকে পেয়ে যায় দ্বিতীয় গোল। ৮৯ মিনিটে বক্সের মধ্যে অগাস্টিনকে ফেলে দেন আমিনুল। পেনাল্টি পায় মোহামেডান। তা থেকে গোল করেন ওকালাওয়ান। বদলে যাওয়া মোহামেডানের কোচ এমেকা উচ্ছ্বসিত, ‘৩ পয়েন্ট পেয়ে দারুণ খুশি। এই টেম্পোটা ধরে রাখতে হবে।’আজকের খেলাআবাহনী-ব্রাদার্স(সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)