বদলে গেছে সময়
ইতিহাস-ঐতিহ্যে ধারে কাছে কিছু নেই। কিন্তু মানের দিক থেকে? গভীর বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই, স্রেফ র্যাঙ্কিংয়ে তাকান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড তিনে, অস্ট্রেলিয়া চারে। বর্তমান বাস্তবতায় আর যা-ই হোক, সেরার লড়াই বলা যাবে না এবারের অ্যাশেজকে। বলা যায়, ব্রিটিশ ফুটবলে লিভারপুল বা গ্লাসগো ডার্বির মতো। সুপ্রাচীন ইতিহাস আর ঐতিহ্য যে লড়াইয়ের অলংকার, গুরুত্বে প্রতিদ্বন্দ্বী দুই দল ও তাদের ভক্ত-সমর্থকদের কাছে সবকিছুর আগে। কিন্তু সার্বিক প্রেক্ষাপটে খুব একটা নয়।
ইংল্যান্ড এবারের সিরিজ ৫-০তে জিতলেও যেমন শীর্ষে উঠতে পারবে না। অস্ট্রেলিয়া তো নয়ই। র্যাঙ্কিংয়ের এই হিসাবের সঙ্গে উত্তেজনার পারদ খুব উঁচুতে না ওঠার আরেকটা কারণ দুই দলের সাম্প্রতিক অবস্থা। অ্যালিস্টার কুকের দল সত্যি সত্যি ৫-০তে জিতে গেলেও খুব কি অবাক হবেন কেউ! অ্যাশেজ ঘিরে উত্তেজনাও খুব একটা নেই, কথার লড়াই তো জমেইনি। নিজেদের হাজারো ঝামেলা সামলাতেই ব্যস্ত অস্ট্রেলিয়া, কথার তোপ ছুড়বে কী! আর ইংল্যান্ড দলেও নেই তেমন ডাকাবুকো কোনো চরিত্র।
গ্লেন ম্যাকগ্রার মিইয়ে যাওয়া কণ্ঠ থেকেও প্রেক্ষাপটটা স্পষ্ট। একসময় অ্যাশেজ শুরুর আগেই প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে ঘোষণা দিয়ে টার্গেট করতেন, নিয়ম করেই ভবিষ্যদ্বাণী করতেন হোয়াইটওয়াশের। সেই ম্যাকগ্রাও এবার উত্তরসূরিদের আন্ডারডগ মানতে বাধ্য হচ্ছেন। তবে বরাবরই হার না মানা চরিত্র তিনি, এখানেও হাল ছাড়তে চাইছেন না, ‘ইংল্যান্ড ফেবারিট, তবে আন্ডারডগ তকমাটাই অস্ট্রেলিয়ার জন্য শাপে বর হয়ে উঠতে পারে। আমাদের হারানোর কিছু নেই। আমি অস্ট্রেলিয়ার হয়েই বাজি ধরব, ২-১।’
মুখের কথায় যেমন, ম্যাকগ্রা-হেইডেন-ওয়ার্নরা একসময় শরীরী ভাষাতেও গুঁড়িয়ে দিতে চাইতেন প্রতিপক্ষকে। কিন্তু এই খাদে পড়ে থাকা অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসকে কথার বাণে আরও স্তিমিত করার কোনো চেষ্টা ইংলিশদের মাঝে দেখা যায়নি। গ্রায়েম সোয়ান তো বরং অস্ট্রেলিয়ানদের সমীহই করলেন, ‘হারানো খুব কঠিন—এমন দল হিসেবেই অস্ট্রেলিয়াকে দেখছি আমরা, ভারতে তাদের বিপর্যয়ের পরও। খুব সহজেই জিতে যাব বলে মোটেও ভাবছি না আমরা। সত্যিই বিশ্বাস করতে শুরু করলে ফেবারিট তকমাটা খুব বিপজ্জনক। ক্রিকেটে এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।’
নিস্তরঙ্গ এই স্রোতে খানিকটা ঢেউ তোলার চেষ্টা করলেন কেবল একজনই। তিনি অবশ্য বর্তমান কেউ নন। ২০০৫ অ্যাশেজের মহানায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের ইংল্যান্ডের জয় নিয়ে কোনো সংশয় নেই। অস্ট্রেলিয়ার দুরবস্থা নিয়ে কৌতুকও করেছেন, ‘একসময় আমরা ঘণ্টার পর ঘণ্টা তর্ক করতাম কীভাবে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিংদের সামলানো যায়। এখন আমাদের অস্ত্রাগারের অস্ত্রভান্ডার দেখে আমাদের ব্যাগি গ্রিন বন্ধুরাও মাথা চুলকাবে।’
মনস্তাত্ত্বিক লড়াইটা কীভাবে করতে হয়, সেটাও যেন খানিকটা দেখিয়ে দিলেন ফ্রেডি, ‘ওরা হয়তো স্বীকার করবে না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি কেভিন পিটারসেনকে নিয়ে ভয়ে আছে অস্ট্রেলিয়া। তারা জানে, পিটারসেন কী করতে পারে। সত্যি বলতে, কেপিই একমাত্র ইংলিশ ক্রিকেটার নয় যাকে নিয়ে শঙ্কিত থাকবে ওরা। পিটারসেন, কুক, ট্রট, বেল, অ্যান্ডারসন, ব্রড, সোয়ান...আরও বলতে হবে?’
ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে কুকের সঙ্গে রুট ওপেন করবেন জানিয়ে দেওয়ার পর একাদশটা অনুমান করতে সমস্যা হয় না। অন্যদিকে দু-এক দিন আগেই একাদশ জানিয়ে দেয় যারা, সেই অস্ট্রেলিয়া একাদশ জানাবে আজ টসের সময়ই। এই তথ্যের সঙ্গে ফ্লিনটফের অ্যাশেজ ভবিষ্যদ্বাণীটা শুনুন, ‘আমরা ৩-১-এ জিতব, শেষ টেস্টে সান্ত্বনার একটি জয় পাবে অস্ট্রেলিয়া। আমরা যেমন পেতাম নব্বই দশকজুড়ে।’
একাদশ ভাবনায় অস্থির অস্ট্রেলিয়া, ম্যাকগ্রার ভূমিকায় ফ্লিনটফ—সবই ঘোষণা করছে, বদলে গেছে সময়, বদলে গেছে অ্যাশেজ! ওয়েবসাইট।