বদলে গেছেন দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল একটু ছোট করে কাটা। কয়েক বছর ধরে ট্রেডমার্ক হয়ে থাকা কানের দুল উধাও। ফ্রেঞ্চ কাটটা অবশ্য আছে, তবে আগের মতো ডোরাকাটা নয়। দলের নেতা যখন হয়েই গেছেন, ভাবমূর্তি তো বদলাতে হবে! তিলকরত্নে দিলশানও বদলে ফেলেছেন নিজেকে। শুধু এই বাহ্যিক পরিবর্তনই নয়, কথাবার্তাও অধিনায়ক-সুলভ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, শুধু আইপিএল কেন, তাঁর কাছে সবকিছুর আগে দেশ। দেশের হয়ে খেলা।ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য ক্রিকেটারদের প্রথমে ৫ মের মধ্যে দেশে ফিরতে বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু মত বদলেছে বোর্ডের। ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে বলে এসএলসিকে। সেটি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যে কারণে আগামী ১৮ মে পর্যন্ত তাঁরা ভারতে খেলতে পারবেন আইপিএল। যদিও বোর্ড ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছিল ২০ মে পর্যন্ত। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে থাকা দিলশান কলম্বোতে এসেছিলেন দুই দিনের জন্য। সেখানেই জানিয়েছেন আগেভাগে দেশে ফিরতে কোনো সমস্যা নেই তাঁর, ‘ব্যক্তিগতভাবে আগে ফেরা নিয়ে আমি অখুশি নই। আইপিএলে খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার দেশের হয়ে খেলা। আমার ধারণা, ইংল্যান্ড সফরে নির্বাচিত সবাই আগে ফিরতে পেরে খুশি হবে। আমাদের কোচ নতুন (ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ল), ব্যাটিং কোচ নতুন (মারভান আতাপাত্তু), আমিও নতুন অধিনায়ক। ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সফরের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন।’নিজেকে বদলে ফেলা নিয়েও দিলশান বললেন নতুন দায়িত্বের কথা, ‘আমার মেয়ে কান ফুটানোর সময় কান্নাকাটি করছিল। ওকে দেখানোর জন্য আমিও কান ফুটিয়েছিলাম। কিন্তু এখন আর দুল পরার প্রয়োজন দেখছি না। চুল নিয়েও ওই একই কথা। আগে ফ্যাশনেবল ছিল, এখন নয়। সময় বদলে গেছে না!’ ব্যক্তিগত ইমেজ বদলাতে চাইলেও ‘ব্যাটসম্যান দিলশান’ কিন্তু বদলাতে চান না একটুও। তাঁর অধিনায়কত্বও হবে ব্যাটিংয়ের মতো, ‘এভাবে ক্রিকেট খেলি বলেই এতদূর আসতে পেরেছি। বদলে ফেলার তাই কোনো কারণ দেখছি না। ব্যাটসম্যান হিসেবে আমি যেমন আক্রমণাত্মক, পরিস্থিতি অনুযায়ী আমার অধিনায়কত্বও হবে তেমন আগ্রাসী। অধিনায়কত্ব কখনোই আশা করিনি, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমার জন্য দারুণ এক চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জটা নিতে চাই। প্রায় এক যুগ ধরে খেলছি, এই পর্যায়ে আসাটা ছিল দীর্ঘ এক ভ্রমণ।’নতুন অধিনায়কের কথাগুলো নিশ্চয়ই তৃপ্তি দিয়েছে পাশে বসা প্রধান নির্বাচক দিলীপ মেন্ডিস ও এসএলসি সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গাকে। তবে সন্তুষ্ট নন তাঁরা লাসিথ মালিঙ্গার ওপর। হাঁটুর চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন না বলে বোর্ডকে চিঠি পাঠিয়েছেন এই ফাস্ট বোলার। অনুরোধ মেনে তাঁকে টেস্ট সিরিজের দলে রাখাও হয়নি। কিন্তু দিব্যি আইপিএল খেলে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। পুরো ব্যাপারটায় বিস্মিত প্রধান নির্বাচক জানিয়েছেন মালিঙ্গাকে দেশে ডেকে পাঠানো হবে, ‘সে বলছে চোট আছে, কিন্তু ঠিকই খেলে যাচ্ছে, ব্যাপারটা আমাদের কাছে অদ্ভুত ঠেকছে। খেলতে থাকলে তো চোট ভালো হওয়া সম্ভব নয়। দেশের হয়ে যদি খেলতে চায়, তাহলে পুনর্বাসন-প্রক্রিয়ায় থেকে নিজেকে প্রস্তুত করুক।’মালিঙ্গা অবশ্য বলতে পারেন, তিন দিনে চার ওভার বোলিং করার মতো ফিট তিনি, কিন্তু টেস্ট খেলা বা এক দিনে ১৫-২০ ওভার বোলিং করার মতো ফিট নন। তবে এই যুক্তিতে কাজ হবে বলে মনে হয় না। ইংল্যান্ডে টেস্ট না খেললেও দেশে তাঁকে মনে হয় ফিরতেই হচ্ছে। ওয়েবসাইট।