বদলে গেল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিতে স্থায়ী সদস্য ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পূর্ণ সদস্য বাকি ৭টি দেশের নির্বাচিত ২ প্রতিনিধি থাকবেন
* ২ বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হবেন ভারতীয় বোর্ডের প্রধান নারায়ণস্বামী শ্রীনিবাসন। জুলাই থেকে তা কার্যকর হবে
* টেস্ট ক্রিকেটের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তা থেকে কিছু পাবে না
* ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) থাকবে না। দ্বিপক্ষীয় ভিত্তিতে টেস্ট সিরিজ ঠিক হবে
* ইন্টারকন্টিনেন্টাল কাপজয়ী সহযোগী সদস্য দেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ দলের সঙ্গে প্লে-অফে জিতলে টেস্ট মর্যাদা পাবে

শেষ পর্যন্ত তাহলে নারায়ণস্বামী শ্রীনিবাসনেরই জয় হলো!
ক্রিকেট-বিশ্বজুড়ে সমালোচনার ঝড়কে থোড়াই কেয়ার করে ঠিকই বদলে গেল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেখানে এখন ভারতরাজ! ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বলতে পারেন দুই পাশে দুই ‘শান্ত্রী’।
গতকাল সিঙ্গাপুরে আইসিসির সভায় পাস হয়ে গেছে ‘বিগ থ্রি’র বিতর্কিত প্রস্তাবপত্র। যে প্রস্তাবপত্র নিয়ে সবার আগে আপত্তি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা, এই সভার আগেও এটির ‘অনৈতিকতা’ ব্যাখ্যা করে নয় পৃষ্ঠার চিঠি দিয়েছিল আইসিসিকে, সেই দক্ষিণ আফ্রিকাই ভোল পাল্টে ভোট দিয়েছে এর পক্ষে। সাত ভোট আগেই নিশ্চিত হয়ে ছিল। ‘বিগ থ্রি’র পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ছিল আর মাত্র একটি ভোটেরই। দক্ষিণ আফ্রিকার ডিগবাজিতে সেটির ব্যবস্থাও হয়ে গেল।
শ্রীনিবাসন জিতলেন। তবে অর্থলোভের কাছে ক্রিকেট হেরে গেল কি না, এই প্রশ্ন জোরেশোরেই উঠছে। আগামী দিনগুলোতেও উঠতেই থাকবে। শ্রীনিবাসনের তাতে কিছু আসে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থেকে আগামী জুলাই মাসেই তিনি হয়ে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান। এককথায় বিশ্ব ক্রিকেটের দণ্ডমুণ্ডের কর্তা।
আইসিসির ইতিহাসে সবচেয়ে আলোচিত সভাটিকে বলা হচ্ছিল তিন বনাম তিন। এক দিকে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) বিলুপ্তির মতো কোনো সিদ্ধান্ত নিতে আইসিসির সভায় সাত ভোটই যথেষ্ট। কিন্তু গঠনতন্ত্রে পরিবর্তন আনতে প্রয়োজন আট ভোট। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশ নানা অঙ্ক হিসাব করে আগেই আশ্রয় নিয়েছিল ‘বিগ থ্রি’র ছায়াতলে। বাকি তিন দেশকে মনে হচ্ছিল এককাট্টা। ব্যাপারটা তাই আটকে ছিল ৭-৩-এ। কিন্তু শেষ পর্যন্ত দলছুট হয়ে প্রথম সংখ্যাটাকে ‘৮’ করে দিল দক্ষিণ আফ্রিকা।
ভোটের হিসাবে অবশ্য ৮-০-ই বলতে হবে। কারণ পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত থেকেছে। যেটির পক্ষে যুক্তি—নিজেদের বোর্ডসভায় প্রস্তাবপত্রের যে খসড়া নিয়ে আলোচনা করে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। তা নিয়ে নতুন করে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অনুমান করাই যায়, দক্ষিণ আফ্রিকা পক্ষ পরিবর্তন করার পর বাধ্য হয়েই এই কৌশলের আশ্রয় নিতে হয়েছে এই দুই দেশকে।
দক্ষিণ আফ্রিকার ‘ডিগবাজি’ খাওয়ার পেছনের রহস্যটাও অপ্রকাশিত থাকেনি। আইসিসির সভার আগে শ্রীনিবাসনের সঙ্গে দক্ষিণ আফ্রিকান বোর্ড সভাপতি ক্রিস নেনজানির দীর্ঘ বৈঠক হয়েছে। যেটিকে দেনদরবার বলাই ভালো। বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেলের কথাতেই যেটির প্রমাণ। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ওই সভায় ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপার-স্যাপার প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
প্রস্তাবপত্র পাস করতে ভারত বাকি সব দেশের জন্যই হয় এমন ‘মুলা’ ঝুলিয়ে রেখেছিল অথবা অন্য কোনো ভয়। বাংলাদেশকে যেমন টেস্ট ক্রিকেট থেকে অবনমনের ভয় দেখিয়েই কাবু করে ফেলা গেছে। অনুমোদিত প্রস্তাবপত্রে অবনমন থাকছেও না। তবে আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর জন্য টেস্ট খেলার রাস্তা খুলে দেওয়া হয়েছে। চার দিনের ইন্টারকন্টিনেন্টাল কাপজয়ী সহযোগী দেশ সুযোগ পাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা দলের সঙ্গে প্লে-অফ খেলার। তাতে জিতলে পেয়ে যাবে টেস্ট মর্যাদা। নিকট ভবিষ্যতে অনেক খেলার সুযোগ এবং তাতে অভাবিত পারফরম্যান্স হলে ভিন্ন কথা, নইলে প্লে-অফের একটি দল যে ‘বাংলাদেশ’-ই হবে, সেটি তো বলেই দেওয়া যায়।
প্রস্তাবপত্রের প্রাথমিক খসড়ায় এমন বেশ কিছু পরিবর্তন এলেও ‘বিগ থ্রি’র আসল দাবিগুলো ঠিকই আদায় করে নেওয়া হয়েছে। যেমন, পাঁচ সদস্যের নির্বাহী কমিটিতে (এক্সকো) স্থায়ী সদস্য থাকবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসির রাজস্বে বেশি অবদান বলে সেটির ভাগও তারা বেশি পাবে। এফটিপি বিলুপ্ত হয়ে গিয়ে টেস্ট সিরিজ হবে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে। ২০২৩ সাল পর্যন্ত সূচি চূড়ান্ত করতে সব দেশকে জরুরি ভিত্তিতে এটা নিয়ে আলোচনা করতেও বলা হয়েছে। আপাতত অবনমনের ভয় তাড়াতে পারলেও বাংলাদেশের জন্য যেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম।
পরিকল্পনা অনুযায়ীই আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ তিনটি ভাগাভাগি করে নিয়েছে তিন দেশ। ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্ক তো আগে থেকেই অর্থ ও বাণিজ্য কমিটির প্রধান। শ্রীনিবাসন আইসিসির চেয়ারম্যান হচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস হবেন এক্সকোর প্রধান। আপাতত দায়িত্ব দুই বছরের জন্য, যেটিকে বলা হচ্ছে ‘পালাবদলের কাল’। ‘বিগ থ্রি’র দেওয়া ‘ছাড়’ বলতে আগের মতো আইসিসি চেয়ারম্যান পদটা শুধু তিন দেশের সম্পত্তি হয়ে থাকবে না, নির্বাচনের মাধ্যমে যেকোনো পূর্ণ দেশই এই চেয়ারে বসার সুযোগ পাবে। এক্সকোও প্রাথমিক প্রস্তাব অনুযায়ী আইসিসির সর্বময় ক্ষমতার অধিকারী নয়। এক্সকোর যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে আইসিসির পুরো বোর্ডের অনুমোদন লাগবে।
যে টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেক দিনই হচ্ছে-হবে বলে শোনা যাচ্ছিল, সেটির চিন্তাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর বদলে সিদ্ধান্ত হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ফিরিয়ে আনার। এটির পেছনেও কারণ ওই একটাই, যেটি এত ওলটপালটের মূল সুর—আরও টাকা চাই।
এই ওয়ানডে টুর্নামেন্টটির শেষ দুটি আসরে র‌্যাঙ্কিংয়ের প্রথম আট দলই শুধু খেলতে পেরেছিল। যে কারণে টেস্ট খেলুড়ে দেশ হয়েও দর্শক হয়ে থাকতে হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে। এখন সেটি সব সদস্যদেশের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে ২০১৭ ও ২০২১ সালে অনুষ্ঠেয় পরের দুটি চ্যাম্পিয়নস ট্রফিতে কয়টি দেশ থাকবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত নয়।
আইসিসির খোলনলচে বদলে দেওয়া সিঙ্গাপুর বৈঠকের বৃহত্তর প্রেক্ষাপটে এসব সিদ্ধান্ত অবশ্য বুদ্বুদ তুলেই মিলিয়ে যাচ্ছে। সব ছাপিয়ে বড় হয়ে উঠছে বিশ্ব ক্রিকেটকে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ‘জমিদারি’ বানিয়ে ফেলা!